তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের

তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের

 

গুয়াহাটি: রেকর্ড রান তাড়া করতে নেমে প্রয়োজন ছিল ভাল শুরুর। শুভমন গিল (Shubman Gill) শুধু শুরুটা ভাল করলেন না, একেবারে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের ইনিংস খেললেন শুভমন গিল। কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরানে ভারতকে রেকর্ড ৪০৬ রান তাড়া করে ম্যাচ জেতালেনও।

এই স্মরণীয় ইনিংসের পরে গুয়াহাটির গরমে তাঁরা শরীরে খিঁচ ধরছে বলে জানান গিল। ম্যাচের পর ভারতীয় অধিনায়ককে বলতে শোনা যায়, ‘আমার সারা শরীরে খিঁচ ধরেছে। বিকেল বেলাটা তো ভীষণ গরম ছিল। ১৩ ওভার মাঠে থাকার পরেই মনে হচ্ছিল যেন আমরা ২৫ ওভার ধরে ফিল্ডিং করছি।’ গুয়াহাটির পিচ পাটা হলেও, তাতে চারশোর অধিক রান তাড়া করে জয় মুখের কথা নয়। সেই কারণেই ম্যাচশেষে দলের এই পারফরম্যান্স নিয়ে খুশি গিল।

আর নিজের ব্যাটিং নিয়ে তাঁর দাবি, ‘আমি ম্যাচটাকে ছোট ছোট ভাগে ভাগ করি। পাওয়ার প্লেতে আমাদের লক্ষ্য ছিল কোনও উইকেট না হারিয়ে ৭৫ থেকে ৮০ রান তোলা। জানতাম বল পুরনো হয়ে গেল ব্যাটিং করা সহজ হয়ে যাবে। ২৫ ওভারে এরপরে আমাদের লক্ষ্য ছিল ২০০ থেকে ২১০ রানের মধ্যে থাকা, কিন্তু সেখানে আমরা ২৩০-২৪০ রান তুলে ফেলি। তাই তারপর থেকে আর আমাদের উপর কোনও চাপই ছিল না, চাপটা ছিল ওদের উপর।’

সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ভারতীয় দল সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে। এরপরে কি নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে দলের একাদশে বদল দেখা যাবে? ‘হ্যাঁ, হয়তো (দলে বদল) হবে। যারা এখনও সুযোগ পায়নি, আমরা চাইব তারা যেন খেলার সুযোগ পায়। দেখা যায় দলের ভারসাম্য বজায় রাখার জন্য কোন একাদশ আমাদের জন্য সঠিক হয়।’ জানান ভারতীয় অধিনায়ক।

এরপর শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামবেন শুভমন গিলরা। সেইদিনের একাদশের দিকে কিন্তু সকলের নজর থাকবে।

(Feed Source: abplive.com)