হায়দরাবাদ ছাড়ছেন অভিষেক শর্মা? হতে চান অধিনায়ক! তাহলে কি গন্তব্য কেকেআর?

হায়দরাবাদ ছাড়ছেন অভিষেক শর্মা? হতে চান অধিনায়ক! তাহলে কি গন্তব্য কেকেআর?
Abhishek Sharma: সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ওপর মারাত্মক অসন্তুষ্ট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তারকা টপ-অর্ডার ব্যাটার অভিষেক শর্মা। অধিনায়কত্বের দাবি তারাক ওপেনারের!
আইপিএল ২০২৭ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট মহলে তৈরি হয়েছে তুমুল জল্পনা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ওপর মারাত্মক অসন্তুষ্ট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন তারকা টপ-অর্ডার ব্যাটার অভিষেক শর্মা। দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার পরও অধিনায়কত্ব না পাওয়ায় নাকি ক্ষুব্ধ অমৃতসরের ২৬ বছর বয়সী এই তরুণ বাঁহাতি তারকা।
২০১৯ সাল থেকে ‘অরেঞ্জ আর্মি’র প্রধান স্তম্ভ হিসেবে নিজেকে তুলে ধরেছেন অভিষেক। কিন্তু আসন্ন মরশুমে আন্তর্জাতিক ক্রিকেট সূচীর ব্যস্ততার কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে হায়দরাবাদ ম্যানেজমেন্ট ঈশান কিষাণকে পূর্ণ সময়ের অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়, যিনি আইপিএল ২০২৬-এর প্রথম কয়েকটি ম্যাচেও নেতৃত্ব দিয়েছিলেন। এই সিদ্ধান্তের পরেই নাকি অসন্তোষ প্রকাশ করে নতুন পথ খোঁজার সিদ্ধান্ত নেন অভিষেক।
হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাওয়া এই ড্যাশিং ওপেনারকে দলে নিতে ইতিমধ্যেই তৎপর একাধিক ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, শুভমান গিলের গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংস ইতিমধ্যেই অভিষেক ও এসআরএইচ কর্তৃপক্ষের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে। এর পাশাপাশি তাঁর মেন্টর যুবরাজ সিং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকায়, দিল্লিতে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কে শানমুগম। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজি ও অভিষেকের মধ্যে এমন কোনো বিবাদ বা দল ছাড়ার আলোচনা হয়নি। তবে ভেতরের খবরের মতে, অধিনায়কত্ব না পেলেও কেবল সাধারণ খেলোয়াড় হিসেবে অন্য কোনো দলে পাড়ি জমাতেও পিছপা হবেন না এই বিস্ফোরক ওপেনার।
তবে অভিষেকের দলবদল খুব একটা সহজ হবে না। কলকাতা নাইট রাইডার্স বা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ছাড়া বেশিরভাগ দলেই অধিনায়ক নির্ধারিত রয়েছে। সেক্ষেত্রে সরাসরি ক্যাশ ডিল নাকি প্লেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে চুক্তি সই হবে, তা নিয়ে আইপিএল নিয়মের জটিলতা থেকে যাচ্ছে। তবে এসআরএইচ রাজি হলে ২০২৭ নিলামে অভিষেকের চাহিদা থাকবে তুঙ্গে।
আইপিএল ২০২৬-এ ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদকে প্লে-অফে তুলতে ৫৫০-রও বেশি রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এখন দেখার বিষয়, এই দ্বন্দ্বের জল্পনার অবসান ঘটিয়ে তিনি হায়দরাবাদেই থেকে যান, নাকি ২০২৭ আসরে সম্পূর্ণ নতুন কোনো জার্সি গায়ে মাঠে নামেন।
(Feed Source: news18.com)