
বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর শীতের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা আদিনা ডিয়ার পার্কে এসে জড়ো হয়। এ বছরও ইতিমধ্যে বহু পাখির দেখা মিলেছে। বর্তমানে মূল আকর্ষণ এশিয়ান ওপেনবিল স্টর্ক বা শামুকখোল। অনুকূল পরিবেশের কারণে এ বছর পাখির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা বন দফতরের।
মালদা, জিএম মোমিন: বর্ষা বিদায় নিতেই সবুজের চাদরে সেজে উঠেছে চারপাশ। আর সেই সবুজের মাঝেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে মালদার গাজোলের আদিনা ডিয়ার পার্ক। শীতের মরশুম এখনও পুরোপুরি শুরু হয়নি। তার আগেই পরিযায়ী পাখিদের আনাগোনায় জমে উঠেছে আদিনা। গাছের ডালে ডালে এখন শুধুই পাখিদের কিচিরমিচির। হরিণের পাশাপাশি পাখিদের এই মেলা দেখতে ইতিমধ্যেই পর্যটক ও পাখিপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর শীতের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা আদিনা ডিয়ার পার্কে এসে জড়ো হয়।
পর্যটক সুব্রত বিশ্বাস বলেন, “অনেক পাখি রয়েছে, পাশাপাশি হরিণও রয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ও মনোরম। গাছের দিকে তাকালেই শুধু পাখি দেখতে পাওয়া যাচ্ছে।” পার্কে প্রবেশের জন্য বড়দের ২৫ টাকা এবং শিশুদের ১০ টাকা টিকিট রয়েছে। বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। বৃহস্পতিবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্ক খোলা থাকে। আদিনা ডিয়ার পার্কের পাশাপাশি আশপাশে পিকনিক স্পট ও ঐতিহাসিক স্থাপত্যও রয়েছে। তাই পুজোর ছুটি কিংবা সপ্তাহান্তে ঘুরে দেখা যায় মালদার এই আদিনা জঙ্গল থেকে ঐতিহাসিক স্থাপত্য, একলাখি সমাধি-সহ বিভিন্ন দর্শনীয় স্থান।
(Feed Source: news18.com)
