
মুম্বই : গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া। মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং (EOW) গ্রেফতার করেছে অভিনেতাকে। মিঠি নদী থেকে বেআইনি ভাবে পলি অপসারণের কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ডিনো মোরিয়াকে। ২ অক্টোবর দীর্ঘক্ষণ জেরা করা হয় অভিনেতাকে। তারপর গ্রেফতার করা হয়েছে ডিনো মোরিয়াকে। মিঠি নদীর মামলার তদন্তে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেতাকে। প্রায় ৮ ঘণ্টা মুম্বইতে ডিনো মোরিয়ার বান্দ্রার বাড়িতে তাঁকে জেরা করে পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়েছে। মিঠি নদী থেকে পলি অপসারণের ঘটনায় যে আর্থিক গরমিলের তদন্ত করছে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং (EOW), সেখানে বৃহন্মমুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) ৬৫.৫৪ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর আগেও মিঠি নদী থেকে পলি অপসারণের মামলায় নাম উঠে এসেছিল ডিনো মোরিয়ার। গত বছর (২০২৫) জুন মাসে ইডি হানা দিয়েছিল অভিনেতার বাড়িতে। ডিনো মোরিয়ার মুম্বইয়ের বাড়ি ছাড়াও মুম্বই এবং কোচির আরও ১৪ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। ডিনো মোরিয়ার ভাই এবং কন্ট্রাক্টরদের বাড়ি ও মিডলম্যানদের বাড়িতেও ইডি অভিযান চালায় সেই সময়।
মিঠি নদী থেকে পলি অপসারণের ঘটনায় মামলা
মিঠি নদী থেকে পলি অপসারণ এবং নদীর সংস্কার করা প্রতি বছরই বর্ষাকালে জরুরি মুম্বইয়ের জন্য। অতিরিক্ত বৃষ্টি হয় মুম্বইতে। বন্যা প্রতিরোধ করতে প্রতি বছরই মিঠি নদী থেকে পলি অপসারণ এবং সংস্কার করা হয়। তবে সম্প্রতি এই প্রকল্প নিয়েই বেশ কিছুদিন ধরেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে এসেছে। আর এই দুর্নীতিতেই নাম জড়িয়েছে বলিউড অভিনেতা ডিনো মোরিয়ার। জানা গিয়েছে, কিছু ঠিকাদার, কনট্রাক্টর এবং পৌর কর্তা মিঠি নদী থেকে পলি অপসারণের পরিমাণ বাড়িয়ে দেখিয়েছেন রিপোর্টে। এর পাশাপাশি তাঁরা এমন কিছু নথি পেশ করেছেন, যা একটু খতিয়ে দেখার পরেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
কীভাবে এই মামলায় নাম জড়ালো অভিনেতার
ডিনো মোরিয়ার নাম তদন্তের মাধ্যমে উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লিখিত মামলার ভিত্তিতে তদন্ত করতে গিয়ে অনেকের ফোন কলের রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে, অভিযুক্তদের অনেকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল ডিনো মোরিয়ার। সূত্রের খবর, কেতন কদম নামে এক অভিযুক্ত মিডলম্যানের সঙ্গেও যোগাযোগ হয়েছিল বলিউড অভিনেতার।
(Feed Source: abplive.com)
