
Chital Macher Muithya Recipe: এক মুঠো চিতলের মাংস, আলুর সঙ্গে মিশে তৈরি হয় সাবেকী বাঙালি পদ চিতল মাছের মুইঠ্যা। কিন্তু বাড়িতে বানাতে গেলে অনেকেরই মুইঠ্যা ভেঙে যায়। কীভাবে মাছ মাখলে মুইঠ্যা ভিতরে থাকবে তুলতুলে নরম, অথচ ভাঙবে না? জানুন সহজ কৌশল
মাছে-ভাতে বাঙালির প্রিয় চিতল মাছের মুইঠ্যা! বাঙালির পছন্দের খাবারের অন্যতম এই পদ।
পুজো বা বিশেষ উৎসবের মরশুমে এই পদের চাহিদা আরও বাড়ে। বাড়িতেই কীভাবে বানাবেন জিভে জল আনা এই পদ?রইল সহজ রেসিপি–
চিতল মাছের রেসিপির নাম শুনলেই জিভে জল বাঙালির। আজকের দিনের কেতাদুরস্ত মাছের পদকে দশগোল দেয় মা-ঠাকুমার হাতে তৈরি পুরনো দিনের এই রেসিপি। চিতল মাছের মুইঠ্যা একবার খেলে স্বাদ জিভে লেগে থাকে।মাছের রেসিপিতে অদ্বিতীয় স্বাদ,এপার-ওপার দুই বাংলার মানুষের কাছেই দারুণ জনপ্রিয় চিতল মাছের মুইঠ্যা।
মুঠি বা মুঠো থেকেই ‘ মুইঠ্যা’ শব্দটি এসেছে। চিতল মাছের পেটি বা চাকা থেকে মাছ আলাদা করে, তাতে বিভিন্ন উপকরণ মিশিয়ে মুঠো করে নেওয়া হয়। কাঁটা ছাড়া চিতল মাছের কিমা মুঠো করে এই রেসিপি তৈরি করা হয় বলেই ‘মাছের মুইঠ্যা’ নামকরণ।
৭-৮ জনের জন্য চিতল মাছের মুইঠ্যা বানাতে লাগবে ৫০০ গ্রাম চিতল মাছের পেটি বা গাদার পিস, মাঝারি সাইজের ২ টি সেদ্ধ আলু, ৪-৫ টি পেঁয়াজ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি,শুকনো লঙ্কা, টমেটো কুচি,হলুদ গুঁড়ো, জিরে বাটা, তেল, তেজপাতা, গরমমশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি।
প্রথমে চিতল মাছ থেকে মাংসল অংশ বার করে নিতে হবে। মাছের কিমার সঙ্গে সিদ্ধ করে রাখা আলু , আদা-রসুন, জিরে, পেঁয়াজ বাটা বা কুচি, লঙ্কা কুচি, নুন এবং হলুদ মিশিয়ে মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে। তারপর পরিমাণ মত মাছের মিশ্রণ নিয়ে, হাতের তালুতে ফেলে মুঠো বানিয়ে নিন। এরপর ফুটন্ত জলে মুইঠ্যা দিয়ে অল্প সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে
পাত্রে তেল গরম করে মুইঠ্যাগুলো হালকা ভেজে নিন। এবার পাত্রে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা ও ফোড়ন মশলার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গরম জল দিন। তারপর একটু নেড়ে ভাজা মুইঠ্যা দিয়ে ফুটিয়ে ঘন করে নিন।
রান্না শেষে উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিন।
(Feed Source: news18.com)
