প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প

প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প

 

কলকাতা: ‘হইচই’ (Hoichoi)-এর পর্দায় জোড়া চমক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)। একদিকে সিক্যুয়াল এবং অন্যদিকে নতুন গল্প বলতে আসছেন তিনি। তবে এই প্রথম নয়, ‘হইচই’ (Hoichoi)-এর একেবারে শুরুর দিন থেকেই প্রিয়ঙ্কা একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে এসেছেন। দর্শকদের কাছে তুলে ধরেছেন নতুন নতুন গল্প। দর্শকদের পাশাপাশি, পরিচালকদেরও অন্যতম পছন্দ হয়ে উঠেছেন প্রিয়ঙ্কা। আর তাঁকেই এবার দেখা যাবে ২টি নতুন গল্পে। ওয়েব সিরিজ কুহেলি-র দ্বিতীয় সিজনে থাকছেন প্রিয়ঙ্কা সরকার। এর আগে এই সিরিজে দেখা গিয়েছিল, ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh), অঙ্গনা রায় (Angana Roy) এবং সুস্মিতা দে (Sushmita Dey)-কে। আর এবার, সেই ওয়েব সিরিজেরই, সিজন ২ তে দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে । তবে তাঁর চরিত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সন্তানকে বাঁচাতে এক মায়ের লড়াই

অন্যদিকে, একেবারে নতুন একটি গল্প, ‘কানামাছি’ (Kanamachhi)-র মুখ্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে। এই সিরিজের পরিচালনা করছেন, ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই সিরিজে প্রিয়ঙ্কাকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়, যাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। সেই খবর তাঁকে ফোন করে জানানো হয়। পাশাপাশি জানানো হয়, তাঁর মেয়েকে যিনি অপহরণ করেছেন, তিনিও একজন মা! নিজের সন্তানকে বাঁচাতে, দেওরের সঙ্গে পরামর্শ করে, আরেকজনকে অপহরণ করতে বাধ্য হয় একজন মা! কী হয় তারপর? সেই গল্পই তুলে ধরবে ধ্রুব বন্দ্যোপাধ্যের নতুন সিরিজ, ‘কানামাছি’। এর আগেও ওয়েব সিরিজে ছকভাঙা গল্প বলে চমক দিয়েছেন ধ্রুব। এবারের সিরিজে তিনি কী কী চমক দেন, সেটাই দেখার।

পরিচালনা এবং নায়কের ভূমিকা, ২ দায়িত্বই পরমব্রতর কাঁধে

অন্যদিকে নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসতে চলেছেন, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায় আসছে ‘ছদ্মবেশী’-র নতুন সিজন। ‘ছদ্মবেশী ২’। পরিচালনার পাশাপাশি, মুখ্যভূমিকাতেও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। গোয়েন্দা আদিত্য মজুমদারের চরিত্রে ফের দেখা যাবে পরমব্রতকে। অপরাধের বিরুদ্ধে তাঁর লড়াই তো বটেই, কিন্তু কেস সলভ করার মধ্যেও রয়েছে মজার মোড়ক। নতুন এই সিজন কবে মুক্তি পাবে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।

নতুন কাজ তৃণা, অর্জুন-মধুমিতার

হইচই টিভি প্লাস-এ শুরু হচ্ছে নতুন ২ গল্প। ‘শলাকা রহস্য’ এবং ‘কথা-অমৃত’। এক প্রভাবশালী পরিবারের দুর্গাপুজো আর সেখানে ঘটে যাওয়া একটি খুনের ঘটনাকে ঘিরে এগিয়ে যাবে, শলাকা রহস্যের গল্প। মুখ্যভূমিকায় রয়েছেন, তৃণা সাহা (Trina Saha)। অন্যদিকে দীর্ঘদিন পরে ‘কথা-অমৃত’-তে জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) আর মধুমিতা সরকার (Madhumita Sarkar)। বিয়ের রাতে স্বামী মারা যাওয়ার পরে, আমূল বদলে যায় কথার জীবন। এই প্রেক্ষাপটেই এগিয়ে যাবে গল্প।

(Feed Source: abplive.com)