
গত বছরই কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। সন্তানের নাম দিয়েছেন, সারায়া মলহোত্র (Saraayah Malhotra)। পরিবারে সন্তানের আসার খবর, একটি বিশেষ পদ্ধতিতে শেয়ার করে নিয়েছিলেন, সিদ্ধার্থ-কিয়ারা। স্বামী-স্ত্রীর হাতের ওপর, একটি ছোট্ট সাদা উলের তৈরি মোজা রেখে দম্পতি জানিয়েছিলেন, তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘোষণা করার সময়ও, সেই সাদা মোজার ছবিই তুলে ধরলেন সিদ্ধার্থ আর কিয়ারা।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট করেছেন তারকা দম্পতি। সিদ্ধার্থ আর কিয়ারার হাতের ওপর রাখা একটি ছোট্ট, সাদা উলের তৈরি মোজা। আর সেই মোজার ওপর রাখা খুদে সারায়ার হাত। অর্থাৎ, ৩ থেকে ৪ হতে চলেছে দম্পতির পরিবার। সোশ্যাল মিডিয়ায় একটি যুগ্ম পোস্টে সিদ্ধার্থ আর কিয়ারা লিখেছেন, ‘আরও একবার জীবনের সেরা উপহারের আশীর্বাদ। ভালবাসা এবং কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পর থেকেই, শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। কিয়ারা আর সিদ্ধার্থের দাম্পত্য অনেকের কাছেই ‘কাপল গোল’। প্রিয় তারকাদের পরিবারে নতুন সদস্য আসার খবরে, বলিউডে তাঁদের বন্ধু থেকে শুরু করে, সাধারণ অনুরাগীরাও তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন।
কোলে সন্তান আসার পরে, একের পর এক কাজ ছেড়েছেন কিয়ারা আডবাণী। সব সময়েই জানিয়েছেন, পরিবারকে সময় দেওয়া তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আগামীতে একাধিক ছবিতে দেখা যাওয়ার কথা ছিল কিয়ারাকে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘টক্সিক’ (Toxic) ছবির শ্যুটিং শেষ করেছিলেন নায়িকা। তবে সেই সিনেমা মুক্তি পাওয়ার পরে, নায়কের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। সেই সময়ে কটাক্ষ শুনতে হয়েছিল কিয়ারাকে। এই ছবি মুক্তির পরে, নতুন করে আর কোনও ছবির শ্যুটিং শুরু করেননি কিয়ারা। এখন পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষাতেই দিন গুনছে তারকা দম্পতি। জুলাই মাসের ১৫ তারিখ, কিয়ারা আর সিদ্ধার্থের কোলে এসেছিল ছোট্ট সারায়া। মনে করা হচ্ছে, ২০২৭ সালে ৩ থেকে ৪ হবে, সিদ্ধার্থ আর কিয়ারার পরিবার।
সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর এবার, দ্বিতীয়বার মা হওয়ার খবর দিলেন কিয়ারা। এখন শুধু নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে ‘শেরশাহ’ জুটি।
(Feed Source: abplive.com)
