জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের নয়া ঘোষণা! আমেরিকার নয়া নিয়ম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বা পরে সেখানে কাজের সুযোগ দেওয়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি দিতে হবে। এই প্রস্তাব করেছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস)। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন সংক্রান্ত নিয়ন্ত্রণের বিষয়ে সম্প্রতি ট্রাম্প প্রশাসন নানা রকম ভাবনাচিন্তা করছে। এরই সর্বশেষ উদ্যোগ হিসেবে বুধবার এই প্রস্তাব দেওয়া হয়েছে।
৭০ হাজার ডলার+৩০ হাজার ডলার
প্রস্তাবিত এই নিয়মে কোনো শিক্ষার্থী ওপিটিতে অংশ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এই ফি দিতে হবে। সাধারণত শিক্ষার্থীরা এক বছর কাজের সুযোগ পান। তবে বিজ্ঞান, প্রযুক্তি, গণিত বিষয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত দুবছর কাজ করতে পারেন। প্রতিটি নতুন আবেদনের জন্য ৭০ হাজার ডলার এবং পরবর্তী প্রতিটি রিনিউয়ালের জন্য ৩০ হাজার ডলার ফি দিতে হবে। যদিও এই নিয়ম আসতে সময় লাগবে। ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকাতেই এই ফি’র প্রস্তাব করা হয়েছে। আমেরিকার পর্যবেক্ষণ– ওপিটিকে ‘সস্তা বিদেশি শ্রমিকের পাইপলাইন’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
তবে শিক্ষা ও অভিবাসন খাতের প্রতিনিধিরা এই প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। হয়তো এই কারণেই নিয়মটি লাগু হতে সময় লাগবে। আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংস্থা নাফসার তরফে জানা গিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা, দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষাকে নষ্ট করলে তা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, অর্থনৈতিক বৃদ্ধি, কর্মশক্তির বিকাশকেই ক্ষতিগ্রস্ত করবে, অন্য কারও কোনও ক্ষতি হবে না! প্রসঙ্গত, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের আরেকটি কর্মসূচি কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়েও আগে কড়াকড়ি করেছে ট্রাম্প প্রশাসন। ঠিক কী চাইছে ট্রাম্প প্রশাসন? কী চাইছেন স্বয়ং ট্রাম্প? দেশের ভালো, না, মন্দ?
(Feed Source: zeenews.com)