ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

 

মুম্বই : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। আর তাদের সমর্থনে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন প্রচুর প্রতিবাদী। বিক্ষোভ, আন্দোলন চলছিল বাণিজ্য নগরীতে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইমরান খান। তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ। ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে ক্রান্তি ময়দানে গিয়েছিলেন অভিনেতা। ইমরান খানের সঙ্গে তাঁর বান্ধবী লেখাকেও আটক করেছে মুম্বই পুলিশ।

ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই একটি ছবি শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে, ইমরান খান পুলিশের ভ্যানে বসে রয়েছেন। হাতে দেখাচ্ছেন ভিক্ট্রি চিহ্ন। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, তিনি ড্রাইভে যাচ্ছেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট লুঠ’- এর অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লি, মুম্বই সর্বত্র চলছে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন। ১০ অক্টোবর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বড়সড় জমায়েতের আহ্বান জানিয়েছিল ককরোচ জনতা পার্টি- র নেতৃত্ব। তবে এদিন বিমান থেকেই আটক করা হয় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে। দিল্লিতে যে পাঁচতারা হোটেলে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী, সেখান থেকে তাঁকেও আটক করা হয়। শুধু পরিচিত মুখেরাই নন, আরও অসংখ্য প্রতিবাদীকে আটক করেছে দিল্লি পুলিশ। কেবলমাত্র দিল্লি নয়, মুম্বই থেকেও প্রচুর প্রতিবাদীকে আটক করে পুলিশ।

সংবাদসংস্থা এএনআই- কে ইমরান বলেছেন, ‘আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে, এই শহরের একজন বাসিন্দা হিসেবে এসেছি। আমি এখানে এসেছি এটা দেখতে যে, কেন চলাচলের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। এই কারণেই আমি এখানে এসেছি। কারও কাছে কোনও দাবি জানানোর মতো অবস্থানে আমি নেই। আমি কোনও সংগঠনেরও অংশ নই। আমি এখানে কেবল একজন প্রতিনিধি হিসেবে এসেছি।’