
How To Stop Pop Up Ads on Phone: অ্যান্ড্রয়েড ফোনে হুটহাট ফুল স্ক্রিন বিজ্ঞাপন বা অজানা ওয়েবপেজ খুলে যাওয়ার সমস্যা দেখা দিলে কীভাবে বুঝবেন এবং খুব সহজেই কীভাবে এর থেকে মুক্তি পাবেন, জেনে নিন
আপনার ফোনের স্ক্রিনেও যদি হঠাৎ বারবার বিজ্ঞাপন বা Ads দেখা দিতে শুরু করে, তা হলে সেগুলি উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে, ফোন ব্যবহার করার সময়, হোম স্ক্রিনে কিংবা কোনও অ্যাপ না খুললেও যদি ফুল স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠে, তা হলে সতর্ক হওয়া জরুরি। কোনও সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারের নোটিফিকেশন অথবা অ্যাডওয়্যারের কারণে এমন সমস্যা হতে পারে। তাই মোবাইলে থাকা অ্যাপ এবং সেটিংস পরীক্ষা করা প্রয়োজন।
কোনও অ্যাপ না খুললেও বিজ্ঞাপন আসছে? মোবাইলের স্ক্রিনে হঠাৎ ফুল স্ক্রিন বিজ্ঞাপন ভেসে উঠছে, অথচ আপনি কোনও অ্যাপ খোলেননি, তা হলে এটি কোনও সন্দেহজনক অ্যাপের লক্ষণ হতে পারে। কখনও কখনও নতুন অ্যাপ ইনস্টল করার পর এই ধরনের সমস্যা দেখা দেয়। সম্প্রতি কোনও নতুন অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে থাকলে সেটি ডিলিট করে ফোনটি রিস্টার্ট করুন।
নোটিফিকেশনে বারবার বিজ্ঞাপন আসছে? কিছু ওয়েবসাইট এবং অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে বারবার বিজ্ঞাপন পাঠায়। মোবাইলের নোটিফিকেশন প্যানেলে যদি নিয়মিত অচেনা অফার বা বিজ্ঞাপন দেখতে পান, তা হলে সংশ্লিষ্ট নোটিফিকেশনটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এর মাধ্যমে জানতে পারবেন, কোন অ্যাপ থেকে নোটিফিকেশনটি আসছে। এরপর সেই অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।
ফোনের হোম স্ক্রিনে বিজ্ঞাপন দেখা যাচ্ছে? ফোনের হোম স্ক্রিনেই যদি বারবার বিজ্ঞাপন ভেসে ওঠে, তা হলে কোনও সন্দেহজনক অ্যাপ বা থার্ড পার্টি লঞ্চার পরীক্ষা করে দেখুন। মোবাইলের সেটিংসে গিয়ে সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলির তালিকা দেখুন। যে অ্যাপটিকে সন্দেহজনক বলে মনে হবে, সেটি আনইনস্টল করে দিন।
নিজে থেকেই খুলে যাচ্ছে বিভিন্ন ওয়েবপেজ? ফোনের ব্রাউজার যদি নিজে থেকেই খুলে যায় অথবা অচেনা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে, তা হলে ব্রাউজারের সাইট সেটিংস এবং নোটিফিকেশন পারমিশন ভাল করে পরীক্ষা করুন। অচেনা ওয়েবসাইটের পারমিশন অবিলম্বে বন্ধ করে দিন এবং ব্রাউজিং ডেটা মুছে ফেলুন। কোনও সন্দেহজনক পপ-আপে ক্লিক করবেন না।
কীভাবে বিজ্ঞাপনের সমস্যা থেকে মুক্তি পাবেন? ফোনে বারবার বিজ্ঞাপন আসার সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমেই কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। সম্প্রতি ইনস্টল করা সন্দেহজনক অ্যাপগুলি সরিয়ে ফেলুন। এরপর Google Play Store-এ গিয়ে Play Protect-এর সাহায্যে ফোন স্ক্যান করুন। ফোনের সফটওয়্যার আপডেট রাখুন। কোনও অচেনা ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করবেন না। পাশাপাশি, সন্দেহজনক অ্যাপকে অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া থেকেও বিরত থাকুন।
(Feed Source: news18.com)
