
হাতে গোনা আর কয়েকটা দিন পরেই মুক্তি পাচ্ছে, দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) নতুন সিনেমা, ‘দেশু7’ (DeSu7)। দেব এবং শুভশ্রীর নতুন এই সিনেমায় রয়েছেন, অনির্বাণ, অপরাজিতা, কাঞ্চন, রজতাভ এবং আরও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও। ১৬ অক্টোবর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা।
একটা সময়ে, দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেননি দেব এবং শুভশ্রী। ব্যক্তিগত সম্পর্কের কারণেই, যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের আবার কাছাকাছি নিয়ে আসে, ‘ধূমকেতু’ ছবিটির মধ্যে। এরপরেই ফের ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে থাকে দেব এবং শুভশ্রীর মধ্যে।

এরপরে,টলিউডে রাজনৈতিক কারণে ছবি মুক্তি নিয়ে সমস্যায় পড়েছিলেন দেব। সেই সময়ে তিনি প্রথম শুভশ্রীর সাহায্য নেওয়ার কথা ভেবেছিলেন। তবে সেই সময়, শুভশ্রীর ফোন নম্বর পর্যন্ত ছিল না দেবের কাছে। নিজের সহকারীর কাছ থেকে, একদিন মধ্যরাতে শুভশ্রীর নম্বর চেয়ে পাঠান দেব।

এরপরে, তিনি শুভশ্রীকে মেসেজ করেছিলেন, তিনি একবার শুভশ্রীকে ফোন করতে পারেন কি না? সেই মেসেজ দেখেই শুভশ্রীর মনে হয়েছিল, দেবের হয়তো তাঁর সাহায্যের প্রয়োজন। শুভশ্রী এদিন ‘দাদাগিরি’-তে এসে বলেন, দেবের মেসেজ দেখে শুভশ্রী বুঝে গিয়েছিলেন, দেব কোনও প্রয়োজনেই তাঁকে মেসেজ করেছেন।

এরপরে দেবের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় শুভশ্রীর। দেব শুভশ্রীকে বলেন, নায়িকা ফের একসঙ্গে ছবি করবেন কি না? মাত্র ২ মিনিটের মধ্যেই, এত বছর পরে দেবের সঙ্গে ফের জুটি বাঁধতে রাজি হন শুভশ্রী। কারণ তিনি বলেছিলেন, যে কোনও প্রয়োজনে তিনি দেবের পাশে থাকতে সবসময় রাজি।

শুভশ্রী বলেন, তিনি বুঝে গিয়েছিলেন, দেবের কোনও সাহায্যের প্রয়োজন। সেই কারণেই তিনি চিত্রনাট্য না পড়েই, রাজি হয়েছিলেন দেবের সঙ্গে সিনেমা করতে। সেই সময়ে দেব নিজে পরিচালনা করার সিদ্ধান্ত পর্যন্ত নেননি। পরবর্তীতে দেব শুভশ্রীকে জানান, এই ছবিটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে খুশি ও হয়েছিলেন শুভশ্রী।

দেব একাধিকবার বলেছেন, এই সিনেমাটির হাত ধরে তিনি ফের টলিউডের কমার্শিয়াল ছবির যুগকে ফিরিয়ে আনতে চেয়েছেন। যে ধরণের ছবির হাত ধরে দেব এবং শুভশ্রী জুটির উত্থান, সেই ছাঁচেই ‘দেশু7’-কে ফেলতে চেয়েছেন তিনি। দেব জানিয়েছেন, এই ছবি একেবারে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য।

ট্রেলার লঞ্চের দিন মঞ্চে শুভশ্রী দেবকে প্রশ্ন করেছিলেন, দেব যখন বিপদে পড়েছিলেন, তখন কেন তাঁর মাথায় প্রথমে শুভশ্রীর নামই এসেছিল? এর উত্তরে দেব বলেন, তাঁকে পুজোয় ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলা হয়েছিল। সেই সময়ে তাঁর মনে হয়েছিল, লড়াইটা কঠিন। কিন্তু পুজোর ছবির প্রচার করতে গিয়ে তাঁর মনে হয়েছে, হয়তো এই লড়াই অনর্থকই ছিল।

দেব এদিন বলেন, ‘সবকিছুর একটা নিয়তি থাকে। সঠিক সময় থাকে। হয়তো আমাদের এই মঞ্চে ফের দেখা যাবে বলেই, আমার পুজোর ছবি নিয়ে সমস্যা হয়েছিল, অনির্বাণ ব্যান হয়েছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল… যে কারণে আমার শুভশ্রীকে ফোন করা। আমি নিয়তিতে বিশ্বাস করি। হয়তো এটাই নিয়তি ছিল।’

দেব এদিন আরও বলেন, সাংসদ হওয়ার পরে, প্রযোজক হওয়ার পরে তাঁর একাধিক ছবি ব্যর্থতার মুখ দেখেছে। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। দেব বলেন, লড়াই করার জন্য, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর মনে হয়েছিল, শুভশ্রীর সাহায্য তাঁর প্রয়োজন।
(Feed Source: abplive.com)
