
বর্তমানে ভারতের অর্থনীতি একাধিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, তেমনই রয়েছে আমেরিকার কর বৃদ্ধির মতো বিষয়ও। এ ছাড়াও ডলারের তুলনায় টাকার দাম কমছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়ছে ক্রুড অয়েলের দামও। আর এই সব কারণেই মনে করা হয়েছিল ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি। কিন্তু ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস বলছে এই পরিস্থিতির কারণে ভারতের অর্থনীতিতে ধাক্কা আসার সম্ভাবনা প্রায় ভিত্তিহীন।
জুলাই মাসে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড পূর্বাভাস দিয়েছিল যে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাবে ৬.৪ শতাংশ। আর এবার সেই বৃদ্ধির পরিমাণ বাড়িয়ে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস চলতি অর্থবর্ষে বৃদ্ধি হবে ৭ শতাংশ। কোন সূত্রে অর্থনীতির বৃদ্ধির পরিমাণ বেড়ে হবে ৭ শতাংশ? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস বলছে, ভারতের অর্থনীতির দূরন্ত গতি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। আর তার পিছনে রয়েছে স্থিতিশীল অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা খাতের শক্তপোক্ত কিছু কার্যক্রম।
যদিও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের এই পূর্বাভাস দেওয়ার এক সপ্তাহ আগেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) একই ধরনের পূর্বাভাস দিয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস ৭.১ শতাংশ বৃদ্ধি পাবে ভারতের অর্থনীতি। আর তারপরই পূর্বাভাস ঘোষণা করল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড।
(Feed Source: abplive.com)
