
শুটিংয়ের আশপাশে মানুষের ভিড় দেখা যাচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরেও চলছে আলোচনা।
শিলিগুড়ি: শিলিগুড়িতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’-এর শুটিং ঘিরে বিনোদন প্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল। শহর লাগোয়া তড়িবাড়িতে নদীর ধারে চলছে এই জনপ্রিয় শোয়ের শুটিং। সূত্র মারফত জানা গিয়েছে, রিয়েলিটি শোয়ের পরিচিত মুখ রণবিজয় সিংহের পাশাপাশি উপস্থিত রয়েছেন অন্যান্য কলাকুশলীরাও। ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ছয় দিন শুটিং চলার কথা। ইতিমধ্যেই শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
শিলিগুড়ির সালুগাড়া পেরিয়ে বেঙ্গল সাফারির দিকে যাওয়ার পথে বাঁ দিকের রাস্তা ধরে নদীর দিকে এগোলেই তড়িবাড়ি এলাকা। সেখানেই নদী সংলগ্ন বেশ কয়েকটি জমি ভাড়া নিয়ে শুটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২৭ অক্টোবর রাতেই শুটিং টিমের সদস্যরা এলাকায় এসে পৌঁছন। এরপর ২৮ অক্টোবর ভোর থেকেই শুরু হয় শুটিং। অডিশনের আগের কোনও পর্ব নয়, মূল অনুষ্ঠানের শুটিংই এখানে চলছে বলে জানা গিয়েছে।
শুটিংয়ের জন্য এলাকায় তৈরি করা হয়েছে বিশেষ পরিকাঠামো। বড় বড় তাঁবু ও পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে শুটিংয়ের নির্দিষ্ট অংশ। পাশাপাশি শুটিং স্পটের বেশ কিছুটা আগে থেকেই ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে অনেকেই শুটিংয়ের জায়গার কাছাকাছি যেতে পারছেন না। তবে এলাকায় রণবিজয় সিংহ-সহ রোডিজের কলাকুশলীদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আগ্রহ বেড়েছে।
জানা গিয়েছে, শুটিংয়ের বড় অংশই হচ্ছে সন্ধ্যার পর থেকে গভীর রাত এবং ভোরের দিকে। ‘রোডিজ’-এর অন্যতম আকর্ষণ প্রতিযোগীদের বাইকে করে বিভিন্ন জায়গায় যাত্রা, একের পর এক চ্যালেঞ্জ এবং নানা ধরনের টাস্ক। সেই কারণে তড়িবাড়িতে কী ধরনের চ্যালেঞ্জের দৃশ্য ধারণ করা হচ্ছে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সব মিলিয়ে, শিলিগুড়ির তড়িবাড়িতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’-এর শুটিং এখন স্থানীয়দের কাছে বাড়তি আকর্ষণ। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২ নভেম্বর পর্যন্ত শুটিং চলার কথা।
ঋত্বিক ভট্টাচার্য
(Feed Source: news18.com)
