
সুর আর গুপ্তধনের সন্ধানের মধ্যে বিয়ের সমীকরণ
পাঁচ বছর পরে ফিরছে, ‘তানসেনের তানপুরা’। এবারের সিজন হল, ‘মোহনবাঁশি’। পাঁচ বছরে আলাপ আর শ্রুতির জীবনেও বদলে এসেছে। বাগদান সেরেছে তাঁরা, প্রস্তুতি নিচ্ছে বিবাহের। ইতিমধ্যেই আলাপের পরিবারে ঘটে যায় একটা দুর্ঘটনা। আর সেখান থেকেই মোহনবাঁশির সন্ধান শুরু হয়। একটি তানপুরা চুরির গল্প তাদের টেনে নিয়ে যায় মৌসিকিগড়ে। ভুলে যাওয়া ইতিহাস, এক পরিবারের পিছনে লুকিয়ে থাকা অজানা সব সত্যি কথা প্রকাশ্যে চলে আসে। তারপর? উত্তর মিলবে সিরিজের নতুন সিজনে। আর অন্যান্য সিজনের মতোই, এই সিজনে গুরুত্বপূর্ণ অংশ নেবে গান।
‘তানসেনের তানপুরা’-র নতুন সিজন নিয়ে বিক্রম বলছেন, ”তানসেনের তানপুরা’ আমার ভীষণ মনের কাছের একটা কাজ। এই শো-এর হাত ধরেই আমি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলাম আর এই সিরিজটা এক্কেবারে আলাদা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে গোটা ভারতে যে কাজগুলি হয়েছে, তার মধ্যে এটা অন্যতম।আর এবার একটা খুব সুন্দর বাঙালি বিয়ের অংশ রয়েছে। পাশাপাশি রয়েছে তো গুপ্তধন উদ্ধারের একটা অংশ রয়েছেই। বাঙালি চিরকালই গুপ্তধনের খোঁজ করতে ভালবাসে। সেটা তো এই সিজনে রয়েছেই। এর আগের সিজনগুলোয় আমরা এত সুন্দর সুন্দর গান দর্শককে দিয়েছি, সেটা মানুষ এখনও উদযাপন করেন। নতুন সিজনেও আমরা আরও অনেক চমক নিয়ে আসছি। আশা করি মানুষ ভালবাসবেন নতুন সিজনটাকেও।’
(Feed Source: abplive.com)
