বহরমপুরের ছেলে গোলাম কবিরের প্রযোজনায় এবং অমিত হাজরার পরিচালনায় তৈরি ‘প্রেম দু’হাত বাড়ায়’ ছবির মিউজিক ভিডিও লঞ্চ হয় এদিন। আর সেখানেই রয়েছে কিংবদন্তি গায়ক জুবিন গর্গের গাওয়া শেষ গান ‘ও! সাজনা – তুই আমার জীবন’। প্রয়াত সঙ্গীত শিল্পীর গাওয়া এই গানকে ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। আগামী জানুয়ারি মাসে রিলিজ হতে চলেছে এই ছবিটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, নায়ক-নায়িকা থেকে শুরু করে পুরো টিম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক শাখারভ সরকার এবং প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল প্রমুখ।
জুবিন গর্গের গান প্রসঙ্গে নায়ক আসিফ খান বলেন, “জুবিনদা আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু তাঁর গান আমরা পেয়েছি, এটাই আমাদের কাছে বিশেষ উপহার। সেই সঙ্গে আমরা নিজেদের ধন্য মনে করছি, তাঁর শেষ গানকে আমরা আমাদের ছবিতে কাজে লাগাতে পেরেছি।দর্শকদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা হলে ছবিটি দেখতে আসুন এবং আপনাদের ভাল-মন্দ যাই লাগুক না কেন, সেই ফিডব্যাক আমাদের দিন, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি।”
প্রযোজক গোলাম কবির বলেন, “এই গানটা আমাদের ছবির প্রাণ। জুবিনদার মতো শিল্পীর গান আমাদের ছবিতে থাকবে, এটা আমরা কখনও ভাবিনি। এটা আমাদের কাছে আশীর্বাদ। তাঁর জন্মদিনে এই গান রিলিজ করতে পেরে আমরা গর্বিত।”
পরিচালক অমিত হাজরা বলেন, “প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবি। আর প্রেমের গল্পে জুবিনদার গলা মানেই অন্যরকম অনুভূতি। আমরা চেয়েছিলাম, ছবিটার মধ্যে একটা মন ছুঁয়ে যাওয়া গান থাকুক। জুবিনদা সেই গানটাই দিয়ে গেলেন।” জানা গিয়েছে, মৃত্যুর কিছুদিন আগেই এই গানটি রেকর্ড করেছিলেন জুবিন গর্গ। তখন কেউ জানত না, এটাই তাঁর শেষ গান হয়ে যাবে। আজ সেই গানই হয়ে উঠেছে তাঁর ভক্তদের কাছে সবচেয়ে বড় সম্পদ।
এদিনের অনুষ্ঠানে ছবির নায়িকা থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। সকলেই বলেন, বহরমপুরের মতো জায়গা থেকে এত বড় প্রজেক্ট করা সহজ ছিল না। কিন্তু সকলের ভালোবাসা আর পরিশ্রমে তা সম্ভব হয়েছে। সব মিলিয়ে, বহরমপুরের এই মিউজিক লঞ্চ শুধু একটি ছবির গান মুক্তি ছিল না, ছিল জুবিন গর্গকে শ্রদ্ধা জানানোর এক মঞ্চ। তাঁর জন্মদিনে তাঁর শেষ গান মুক্তি দিয়ে তাঁকে স্মরণ করল বহরমপুর।
(Feed Source: news18.com)