‘১৮০০০ শিক্ষক পদে চাকরি’ নিয়ে শিক্ষাসচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

‘১৮০০০ শিক্ষক পদে চাকরি’ নিয়ে শিক্ষাসচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

#কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৮ হাজার শূন্যপদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি জানান, দু’-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। কারণ, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে তাঁর কাছে খবর এসেছে, আদালতের জন্যই না কি ওই শূন্যপদে চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ১৮০০০ চাকরি কী ধরনের চাকরি? শিক্ষা সংক্রান্ত চাকরি হলে তার বিভাজন কী? রাজ্যের শিক্ষাসচিবকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন তিনি। রাজ্যের শিক্ষাসচিব রিপোর্ট পেশ করবেন ২৯ জুলাই।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শূন্যপদে যদি গ্রন্থাগারিক নিয়োগের পদও থাকে, তবে তা-ও দেখাতে হবে। তবে তিনি শুধুমাত্র প্রাথমিক এবং মাদ্রাসায় নিয়োগ নিয়েই পদক্ষেপ করতে পারবেন বলেও জানিয়েছেন।

পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০জন চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরই কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা পড়ে, যেখানে উল্লেখ করা হয়েছে, একই পরিবারের ১০ জন সবাই প্রাথমিক শিক্ষক পদ চাকরি পেয়েছেন! জমা দেওয়া হয়েছে একটি নাম–তালিকা, যেখানে চাকরিপ্রাপক ওই পরিবারের এক পুলিশকর্মী সদস্যের নামও রয়েছে। বিশ্বম্ভর মণ্ডল। তিনি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী । গোটা বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই হলফনামা জমা দিয়েছেন।

সোমবার এই মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০জন চাকরিপ্রাপককে মামলায় যুক্ত করতে হবে। জানা যাচ্ছে, বিশ্বম্ভর মণ্ডলের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত দিবাকরপুর পঞ্চায়েতের প্রথমখণ্ড জালপাই গ্রামে। বর্তামনে তিনি কলকাতায় থাকেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর দেহরক্ষী ছিলেন। তাঁরই স্ত্রী রিনা, দুই ভাই বংশীলাল ও দেবগোপাল প্রাথমিক স্কুলের চাকরি পান বলে অভিযোগ। এমনকী এই তালিকায় নাম রয়েছে তাঁর মাসতুতো ভাই পূর্ণ মণ্ডল, মাসতুতো বোন গায়ত্রী মণ্ডল, মেসোমশাই ভীষ্মদেব মণ্ডল, মাসতুতো জামাই সোমনাথ পণ্ডিত, শ্যালক অরূপ ভৌমিক, শ্যালিকা অঞ্জনা মণ্ডল, প্রতিবেশী অমলেশ রায়েরও।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)