ঝাড়খণ্ড এমএলএ কাণ্ডে এবার ব্যবসায়ী অশোক ধানুকাকে সিআইডি নোটিশ

ঝাড়খণ্ড এমএলএ কাণ্ডে এবার ব্যবসায়ী অশোক ধানুকাকে সিআইডি নোটিশ

# অর্পিতা হাজরা, কলকাতা : ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করল সিআইডি। সিআইডি সূত্রে খবর, সোমবার সকাল ১০টায় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে৷  ব্যবসায়ীর নাম  অশোককুমার ধানুকা। সিআইডির একটি দল ইতিমধ্যে গুয়াহাটিতে গিয়ে নোটিস দিয়েছে। অন্যদিকে ধৃত তিন বিধায়কের কল লিস্ট থেকেও বেশ কয়েকটি ফোন নম্বর পেয়েছে সিআইডি৷ খতিয়ে দেখা হচ্ছে সে সবও৷

মহেন্দ্রর থেকে টাকার ব্যাগ নিয়ে ঝাড়খণ্ডে ফেরার পথে হাওড়ার পাঁচলায় বিধায়কদের গাড়ি আটকায় পুলিশ৷ সিআইডির দাবি, মহেন্দ্র আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করে অসমের পাঁচ ব্যবসায়ী তথা শিল্পপতির নাম জানা যায়। তাঁর মধ্যে একজন হলেন অশোককুমার ধানুকা। সিআইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন বলে অভিযোগ। বিধায়কদের কাছে কেন ওই টাকা দেওয়া হয়েছিল? এই টাকার উৎস কী? কী উদ্দেশ্যে টাকা দেওয়া হয়? কে দিতে বলেছিলেন? সব কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।

অশোক ধানুকার বাড়ি থেকে যেসব গাড়ি বের হচ্ছে, সেগুলোকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে অসম-গুয়াহাটি পুলিশ।  এমনকি সিআইডি টিমকে ফলো করছে তারা। সিআইডি সব গতিবিধির উপর নজর রাখছেন গুয়াহাটি পুলিশ।

গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত, টাকা এসেছিল হাওয়ালার পথেই৷ কিন্তু মহেন্দ্রকে কে সেই টাকা ওই বিধায়কদের দিতে বলেছিল সে নিয়ে নিশ্চিত হতে চাইছেন সিআইডির গোয়েন্দারা৷  সিআইডি সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর সঙ্গে কী যোগাযোগ সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই মুহূর্তে জানা গিয়েছে, ঘটনার দিন মাহেন্দ্র অফিসে ছিলেন না। তাঁর মায়ের মৃত্যু জন্য তিনি বাড়িতে গিয়েছিলেন। সে সময় অফিসের কিছু কর্মী ছিলেন। মহেন্দ্রকে জেরা করে জানা গিয়েছে, গত ৩০ জুলাই তাঁর কাছে একটি ফোন আসে৷ ভিন রাজ্য থেকে ফোন আসার পরেই ওই টাকা দেওয়ার নির্দেশ আসে গুয়াহাটি থেকে৷

Published by:Rachana Majumder

(Source: news18.com)