জার্মান বোলতার দাপট! তীব্র গরমের মধ্য়েই পতঙ্গের আক্রমণে কেলেঙ্কারি ব্রিটেনে

জার্মান বোলতার দাপট! তীব্র গরমের মধ্য়েই পতঙ্গের আক্রমণে কেলেঙ্কারি ব্রিটেনে

#লন্ডন: ভয়ানক অবস্থা লন্ডনে, এক দিকে হুহু করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। অন্য় দিকে এর মধ্য়েই নাকি নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ব্রিটেনে বিপুল সংখ্যায় বোলতার দাপটে। অর্থাৎ, বোলতার আক্রমণ সামলাতে এখন নতুন করে নাজেহাল হতে হচ্ছে সে দেশের মানুষকে। বলা হয়েছে, এগুলি নাকি জার্মানির বোলতা। সেগুলি একটি বিশেষ প্রকার ফলের আকর্ষণে সে-দেশ থেকে ব্রিটেনে এসে উপস্থিত হয়। তার পর সেগুলি সেই ফলের রস খেয়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে এদিক-ওদিক ছড়িয়ে পড়ে। এবং বিনা কারণে মানুষকে আক্রমণ করে, কামড় বসায়। সেই জন্য়ই আরও আতঙ্ক তৈরি হয়েছে। আর এই পুরো ঘটনার সঙ্গে তাপপ্রবাহেরও একটি সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে।

যে ফলগুলি থেকে এরা খাবার সংগ্রহ করে, সেগুলিতে অত্যাধিক মাত্রায় চিনির পরিমাণ থাকে। সেগুলিই প্রাকৃতিক ভাবে ফার্মেন্টেড হয়ে যায় ও নেশার দ্রব্য় হয়ে পড়ে। সেগুলি খায় বোলতা, আর তাতেই হয় কেলেঙ্কারি কাণ্ড। স্থানীয়রা বলছেন, সাধারণত কোনও বোলতার চাকে কেউ আক্রমণ করলে পাল্টা হুল ফোটাতে ছুটে আসে পতঙ্গ। কিন্তু এ ক্ষেত্রে কোনও দোষ না করেই কামড় খাচ্ছে মানুষ।

স্থানীয় যে পেস্ট কন্ট্রোল সংস্থাগুলি রয়েছে, সেগুলি জানিয়েছে, এই গ্রীষ্মে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কাজ। নানা জায়গা থেকে মানুষের ফোন আসছে। অনেকেই কামড় খেয়ে অসুস্থও হয়ে পড়ছেন। বিজ্ঞানীরা বলছেন, বোলতা সাধারণত গরম ও আর্দ্র প্রকৃতি ভালবাসে। এ বারে ব্রিটেন জুড়ে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই পতঙ্গের সংখ্যাও বেড়েছে বিপুল পরিমাণে। শেষ ৫০ বছরের রেকর্ড ভেঙেছে এ বারের গ্রীষ্মের তাপমাত্রা। সেই যন্ত্রণা তো আছেই, পাশাপাশি ইয়র্কশায়ার-সহ একাধিক অংশের মানুষ এখন বোলতার থেকে মুক্তি চাইছেন।

Published by:Uddalak B

(Source: news18.com)