
#ঢাকা: কয়েকদিন আগেই বাংলায় এসে পৌঁছেছিল বাংলাদেশের ইলিশ৷ পুজোর আগেই আরও ইলিশ এসে পৌঁছনোর কথা ছিল৷ কিন্তু এ রাজ্যের ইলিশপ্রেমীদের জন্য হঠাৎই দুঃসংবাদ৷ কারণ, ভারতে ইলিশ রফতানি বন্ধ করতে বাংলাদেশ সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন সেদেশের এক আইনজীবী৷
ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, চড়া দামের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছেন না৷ অথচ দেশের মানুষকে বঞ্চিত করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার৷
মাহমুদুল হাসান নামে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই নোটিস পাঠিয়েছেন৷ বাংলাদেশের বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, পররাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রক এবং সরকারের শীর্ষ আধিকারিকদের এই নোটিস পাঠানো হয়েছে৷
নোটিসে উল্লেখ করা হয়েছে, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ৷ কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারে সেই মাছের দামই আকাশছোঁয়া৷ দামের কারণেই দেশের নিম্নবিত্ত মানুষ ইলিশ কেনার কথা চিন্তা করতে পারছেন না৷ ইলিশের দাম দেশের মধ্যবিত্ত মানুষেরও নাগালের বাইরে চলে যাচ্ছে৷ কারণ বাংলাদেশে এখন সাধারণ ইলিশের দাম ১ হাজার থেকে ১২০০ টাকার মধ্যে৷ আর পদ্মার ইলিশের দাম ১৫০০ টাকা ছুঁয়েছে৷
দেশের বাজারে ইলিশের দাম চড়া হওয়া সত্ত্বেও কেন সরকার ভারতে ইলিশ রফতানির অনুমতি দিল, নোটিসে সেই প্রশ্ন তুলে অবিলম্বে অনুমতি প্রত্যাহারের জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে৷ ওই আইনজীবীর অভিযোগ, এমনিতেই পদ্মা থেকে সীমিত সংখ্যক ইলিশ মেলে৷ সেই ইলিশ ভারতে চলে যাওয়ায় দেশের বাজারে জোগান আরও কমছে৷
২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রফতানি নীতি অনুযায়ী ইলিশ মুক্তভাবে রফতানি যোগ্য নয়৷ কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা ভেবে বিশেষ অনুমতি দেয় বাংলাদেশ সরকার৷ ভারতীয়দের ইলিশের স্বাদ দেওয়ার জন্য দেশে ইলিশ উৎসব আয়োজনের পরামর্শও দেওয়া হয়েছে নোটিসে৷ নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে বাংলাদেশ সরকার ইলিশ রফতানি বন্ধ না করলে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন ওই আইনজীবী৷
