ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীদের পড়া চালাতে রাশিয়ায় আহ্বান

ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীদের পড়া চালাতে রাশিয়ায় আহ্বান

#নয়াদিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দলে-দলে ভারতীয় পড়ুয়াদের ফিরে আসতে হয়েছে দেশে৷ তাঁদের মধ্যে বেশিরভাগই মেডিক্যালের পড়ুয়া৷ অনেক টাকা খরচ করে মাঝপথেই পড়াশোনা ছেড়ে ফিরতে হয়েছে দেশে৷ অনিশ্চিত এই ভবিষ্যৎ থেকে মুক্তির রাস্তা খুঁজে দিতে এ বার উদ্যোগ নিচ্ছে রাশিয়া৷ ইউক্রেন থেকে মাঝপথে পড়া ফেলে দেশে ফেরা পড়ুয়াদের এ বার পড়াশোনার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে সে দেশ৷

ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ আদিভ চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, ‘‘ইউক্রেন থেকে যে ভারতীয় পড়ুয়াদের ভারতে ফিরে আসতে হয়েছে পড়াশোনা ছেড়ে, তাদের সুযোগ দিতে প্রস্তুত রাশিয়া৷ ইউক্রেন ও রাশিয়ায় মেডিক্যাল পড়াশোনার সিলেবাস অনেকটাই একরকম৷ তাই পড়ুয়াদের কোনও অসুবিধা হবে না৷ এ ছাড়া ইউক্রেনের বেশিরভাগ মানুষ রুশ ভাষায় কথা কথা বলেন, তাই ভাষার সমস্যাও হবে না৷ সেই কারণে তাঁরা এখানে এসে নিশ্চিন্তে তাঁদের অসমাপ্ত মেডিক্যাল কোর্স শেষ করতে পারেন৷ তাঁদের রাশিয়ায় স্বাগত৷’’

ইউক্রেনের সঙ্গে পুতিনের দেশের যুদ্ধ এখনও চলছে৷ এখনও ইউক্রেনের বিভিন্ন অংশে অশান্তি চলছে ক্রমাগত৷ সেখানে নিরাপত্তার অভাব বোধ করায় প্রায় সমস্ত পড়ুয়াই ফিরে এসেছেন৷ সেই সময়ে ভয়ানক আতঙ্কে ছিলেন এদেশের পরিবারবর্গ৷ শেষ পর্যন্ত রাশিয়ার এই প্রস্তাবে দেশের পড়ুয়াদের লাভ হয় কি না, সেটাই দেখার৷