১০ জনের কাস্টমসের বিরুদ্ধে লড়াই করে জিতল ইস্টবেঙ্গল

১০ জনের কাস্টমসের বিরুদ্ধে লড়াই করে জিতল ইস্টবেঙ্গল
কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। এবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে জয় পেল লাল হলুদ শিবির। তবে তিন পয়েন্টের জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হল ইস্টবেঙ্গল। শেষ লগ্নে গোল পেয়ে জয় পায় কলকাতা জায়ান্টরা। ৮৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মহিতোষ।

এই ম্যাচের আগেও গ্রুপ শীর্ষেই ছিল লাল হলুদ। এই তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সের টিকিট কার্যত পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচের পর ইস্টবেঙ্গলের দখলে আপাতত ২৬ পয়েন্ট রয়েছে। ম্যাচে গোল করতে ইস্টবেঙ্গলের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হলেও, শুরু থেকেই কিন্তু লাল হলুদের দাপট অব্যাহত ছিল। বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ গড়ে তোলে লাল হলুদ। তবে কাস্টমসের গোলরক্ষক অর্নেন্দু দত্তও এদিন দুরন্ত ফর্মে ছিলেন। একের পর এক সেভ করে দলের গোল আগলে রাখেন তিনি।

কাস্টমসের হয়ে সুরজিৎ হাঁসদা পাল্টা লড়াই শুরু করেন। শুরুতে লাল হলুদের দাপট দেখা গেলেও ধীরে ধীরে পাল্টা চাপ তৈরি করা শুরু করে কাস্টমস। ৩৬ মিনিটে তারাই কিন্তু ম্যাচে লিড নিয়ে নিতেই পারত। তবে ভাগ্যের জোরে রক্ষা পায় লাল হলুদ। বক্সের বাইরে থেকে নেওয়া একটি শট ইস্টবেঙ্গলের গোলের বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের ইনজুরি টাইমে সার্থক গোলুই গোল করার একটি সুযোগ পেলেও, তা কাজে লাগাতে পারেননি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আবার ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলে কাস্টমস। ম্যাচ ঘণ্টার কাঁটা পার করার পরপরই কাস্টমসের বিষ্ণু কার্যত ফাঁকা গোল সামনে পেয়ে গিয়েছিলেন। তবে লাল হলুদ গোলরক্ষক আদিত্য পাত্র দুরন্ত সেভে গোল বাঁচিয়ে দেন। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৭১ মিনিটে দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বজিৎ হেমব্রম। ১০ জনে কাস্টমস নেমে যাওয়ার পরই গোলের জন্য মরিয়া ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। শেষমেশ ৮৭ মিনিটে কাঙ্খিত সাফল্য আসে। মহিতোষ গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে কাস্টমস গোলের একটি বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১-০ স্কোরলাইনে জয় পায় ইস্টবেঙ্গল।

(Feed Source: abplive.com)