নিউ ইয়র্কের রাস্তায় জাহিরের সঙ্গে সোনাক্ষী, রোদ মেখে আদুরে ছবি পোস্ট

নিউ ইয়র্কের রাস্তায় জাহিরের সঙ্গে সোনাক্ষী, রোদ মেখে আদুরে ছবি পোস্ট

কলকাতা: নিউ ইয়র্কের রাস্তায় সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), সঙ্গে স্বামী জাহির ইকবাল (Zaheer Iqbal)। একসঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশান বলছে, জাহিরের মধ্যেই যেন নিজের ঘর খুঁজে পেয়েছেন সোনাক্ষী। আর তাই, দেশের বাইরেও, তাঁর ঘর জাহির।

২৩ জুন সইসাবুদ করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিংহ ও জাহির ইকবাল। সাত বছরের প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি। সকালের দিকে হয়েছিল আইনি বিয়ের অনুষ্ঠানও ও আংটি বদল। উপস্থিত ছিলেন জাহির ও সোনাক্ষীর পরিবারের সবাই। সন্ধেয় ছিল রিসেপশন। সন্ধ্যার সেই রাজকীয় রিসেপশনে হাজির ছিল গোটা বলিউড। এদিন রিসেপশনে ডিজাইনার লাল শাড়িতে সাজলেও, সকালের অনুষ্ঠানের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন তাঁর মা, পুণম সিংহের শাড়ি। আইভরি রঙের শাড়ি, মাথার ফুলে অপরূপা সোনাক্ষী। একই রঙের পোশাক পরেছিলেন জাকিরও। বর-বধূর পোশাকের সঙ্গে মানানসই ছিল এদিনের অনুষ্ঠানের থিমও। মায়ের শাড়ির সঙ্গে পরার জন্য, মায়ের কালেকশন থেকেই গয়না বেছে নিয়েছিলেন সোনাক্ষী। আইভরি সাজে সোনাক্ষীর স্নিগ্ধতা যেন মন ছুঁয়ে গিয়েছিল নেটপাড়ার।

আর সদ্য, সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়র্কে ঘোরার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সোনাক্ষী। সেখানে কোনও ছবিতে সোনাক্ষীকে কোলে তুলে নিয়েছেন জাহির, কখনও আবার দুজনেই মজেছেন প্রিয় পানীয়তে। কখনও একসঙ্গে রোদ মাখছেন দুজনে। সোনাক্ষী লিখেছেন, ‘সেই জায়গাটাকেই বাড়ি বলে মনে হয় যেখানে হৃদয় থাকে। আর যেখানে আমার গোটা পৃথিবী থাকে… আমার মন, আমার ঘরের সঙ্গে।’ এই পোস্টে জাহিরকে ট্যাগ করে নিয়েছেন তিনি। এর আগেও অবশ্য ঘোরার একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন জাহির ইকবাল। সেখানে একটি মজার ছবিও ছিল একটি ভালুকের সঙ্গে।

(Feed Source: abplive.com)