সিঁদুরখেলায় সঙ্গী কাঞ্চন, আটপৌরে শাড়িতে দেবীবরণ নববধূ শ্রীময়ীর

সিঁদুরখেলায় সঙ্গী কাঞ্চন, আটপৌরে শাড়িতে দেবীবরণ নববধূ শ্রীময়ীর

কলকাতা: বিয়ের পরে এই প্রথম পুজো তাঁদের। আর তাই, সিঁদুরে রাঙা হয়ে, মা দুর্গাকে বরণ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সবসময় স্ত্রীয়ের পাশে রইলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শ্রীময়ীর স্বপ্ন ছিল, তিনি বিয়ের পরে সিঁদুর খেলবেন, পালন করবেন সমস্ত রীতিনীতি। আর সেই মতোই বিয়ের পরে প্রথমবার সিঁদুরে রাঙা হলেন শ্রীময়ী। এদিন তিনি পরেছিলেন লাল পাড় সাদা সিল্কের শাড়ি। কপাল ভরা সিঁদুর, গায়ের ভারি গয়নায় এক্কেবারে অন্যরকম দেখাচ্ছিল শ্রীময়ীকে। স্ত্রীয়ের দিক থেকে যেন নজর ফেরাতে পারলেন না কাঞ্চন। শ্রীময়ীর সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন কাঞ্চন।

ইতিমধ্যেই কাঞ্চন কর্মক্ষেত্রে একটি সুখবর দিয়েছেন। এবার বলিউডে পা দিচ্ছেন কাঞ্চন মল্লিক। নতুন ছবি ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3)-তে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজেই সেই খবর শেয়ার করে নিয়েছেন তিনি, তবে একটু অন্যভাবে। বলিউড থেকে কাঞ্চনের জন্য একটি উপহার এসেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে তিনি এই খবর সবাইকে জানিয়েছেন। তবে ‘ভুলভুলাইয়া ৩’-তে কেমন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা এখনও খোলসা করেননি তিনি।

সেই পোস্ট শেয়ার করে কাঞ্চন লিখেছিলেন, ‘আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রচুর ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। তবে যখন একটা অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিনটা আবার যেন ফিরে এসেছে। কিন্তু যখন সেটে পৌঁছলাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই প্রত্যেকটা মানুষ আমায় আপন করে নিলেন। এটা আমার কাছে অন্যতম প্রাপ্তি। একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত মানুষেরা আমায় এত বছর ধরে ভালবেসেছেন, আমার কাছে প্রত্যাশা করেছেন, তাঁদের ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই। আমার আগামী কাজেও আপনাদের এমনই ভালবাসা, সম্মান আর আশীর্বাদ চাই। আমার আগামী কাজ সম্ভবত দীপাবলিতে মুক্তি পাচ্ছে বড়পর্দায়। ছবিটির নাম ‘ভুলভুলাইয়া ৩’। আমি গোটা ‘ভুলভুলাইয়া ৩’-এর টিমকে শুভেচ্ছা, ধন্যবাদ আর ভালবাসা জানাচ্ছি।’

(Feed Source: abplive.com)