Bollywood News: ‘…এটা আর নেওয়া যাচ্ছে না’; পর্ন-কাণ্ডে ইডি অভিযানের পরেই হুঁশিয়ারি দিলেন রাজ

Bollywood News: ‘…এটা আর নেওয়া যাচ্ছে না’; পর্ন-কাণ্ডে ইডি অভিযানের পরেই হুঁশিয়ারি দিলেন রাজ

Bollywood News: রাজ স্পষ্ট করে দিয়ে জানান যে, তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করছেন তিনি। সেই সঙ্গে এই ঘটনায় অভিনেত্রী স্ত্রী শিল্পা শেঠির নাম না জড়ানোর জন্যও আর্জি জানিয়েছেন।

পর্নোগ্রাফির মামলায় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এর কয়েক ঘণ্টা পরেই একটি বিবৃতি জারি করেছেন ওই ব্যবসায়ী। শুক্রবার রাতের দিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট লেখেন রাজ। সেখানে স্পষ্ট করে দিয়ে জানান যে, তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করছেন তিনি। সেই সঙ্গে এই ঘটনায় অভিনেত্রী স্ত্রী শিল্পা শেঠির নাম না জড়ানোর জন্যও আর্জি জানিয়েছেন রাজ কুন্দ্রা।

ওই ব্যবসায়ী লিখেছেন যে, “সকলের জ্ঞাতার্থে জানাই যে, এই নাটকে সংবাদমাধ্যমের নৈপুণ্য রয়েছে, তাই সরাসরি এটাই বলা যাক যে, আমি বিগত চার বছর ধরে হয়ে চলা এই তদন্তের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আর অ্যাসোসিয়েটস, পর্নোগ্রাফিক এবং মানি লন্ডারিং-এর মতো দাবিগুলির ক্ষেত্রে কোনও সেনসেশনালিজম এই সত্যকে উন্মোচন করতে পারবে না। বিচার হবেই!” এখানেই শেষ নয়, রাজ কুন্দ্রা আরও লিখেছেন, “ভিত্তিহীন ভাবে এখানে বারবার আমার স্ত্রী-র নাম জড়ানো একেবারেই গ্রহণযোগ্য নয়। দয়া করে সীমারেখাগুলিকে সম্মান করুন।”

শুক্রবার দুপুরে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত পাটিল নিজেও একটি বিবৃতি জারি করে এই তদন্তে অভিনেত্রীর যোগের কথা নস্যাৎ করে দিয়েছেন। সংশ্লিষ্ট বিবৃতিতে বলা হয়েছে যে, সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, “আমার ক্লায়েন্ট শিল্পা শেঠি কুন্দ্রার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এই রিপোর্ট একেবারেই সত্য নয়। আর সেটা বিভ্রান্তিকরও বটে! আমার নির্দেশ অনুযায়ী, শিল্পা শেঠি কুন্দ্রার উপর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অভিযান হয়নি। কারণ যে কোনও প্রকৃতির কোনও রকম অপরাধের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।”

শিল্পার আইনজীবী আরও বলেন যে, “যদিও রাজ কুন্দ্রাকে নিয়ে চলমান এই মামলার তদন্তে তিনি সহযোগিতা করছেন, যাতে সত্যটা প্রকাশ্যে আসে। শিল্পা শেঠি কুন্দ্রার ছবি, ভিডিও এবং নাম ব্যবহার না করার জন্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কাছে অনুরোধ জানাতে চাই। কারণ এই মামলার সঙ্গে রাজ-পত্নীর কোনও রকম যোগ নেই। যদি এই ঘটনায় শিল্পা শেঠি কুন্দ্রার ছবি আর ভিডিও ব্যবহার করা হলে দায়িত্বহীন সাংবাদিকতার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বলে রাখা ভাল যে, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে পর্নোগ্রাফিক কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০২১ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু পরে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল।