Bollywood News: ফারহানের সঙ্গে দেখা করতে লাগে অ্যাপয়েন্টমেন্ট! জাভেদের কথায় কি ভাঙনের ইঙ্গিত

Bollywood News: ফারহানের সঙ্গে দেখা করতে লাগে অ্যাপয়েন্টমেন্ট! জাভেদের কথায় কি ভাঙনের ইঙ্গিত

Bollywood News: বর্ষীয়ান গীতিকার বলেন যে, আগেকার দিনে না জানিয়েই বাড়িতে দেখা করতে আসতেন আত্মীয়স্বজন। আগে থেকে বলে দেখা করতে আসাটা ছিল আমেরিকানদের রেওয়াজ। যদিও এই পরিস্থিতি এখন বদলে গিয়েছে।

News18

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্বনামধন্য গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেখানেই তিনি অকপটে স্বীকার করে নিয়েছিলেন যে, পুত্র ফারহান আখতারের সঙ্গে দেখা করার জন্য পাঁচ দিন আগে থেকেই তাঁকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। বর্ষীয়ান এই গীতিকার আরও বলেন যে, আগেকার দিনে না জানিয়েই বাড়িতে দেখা করতে আসতেন আত্মীয়স্বজন। আগে থেকে বলে দেখা করতে আসাটা ছিল আমেরিকানদের রেওয়াজ। যদিও এই পরিস্থিতি এখন বদলে গিয়েছে।

Zaidi Channel-এ পোস্ট করা এক ভিডিও-য় জাভেদ আখতার বলেছেন যে, “আমার একটা ছোট্ট পরিবার রয়েছে। আমার এক পুত্র, এক কন্যা, আমি এবং শাবানা। তবে আমি আর শাবানাই শুধু একসঙ্গে থাকি। আমার মেয়ের আলাদা বাড়ি রয়েছে, ছেলেরও বাড়ি আলাদা। তিনি আরও বলে চলেন যে, আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা বলতাম যে, আমেরিকা কিংবা ইংল্যান্ডে কারও বাড়ি আসতে হলে আত্মীয়রাও বলে আসতেন। আর অন্যান্যরা এটা শুনলে হতবাক হয়ে যেতেন। আর এখন আমরাও সেটাই করছি। আর মনে হচ্ছে যে, এটাই ঠিক।”

জাভেদ আখতার বলে চলেন যে, “যখন আমি এখানে এসেছিলাম, তখন কিছু মানুষ আমায় জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি নিজের সঙ্গে ফারহানকে তো আনলেন না? উনি কি কাজ করেন না না-কি? ওর সঙ্গে দেখা করার জন্য আমায় ওকে ফোন করে নিতে হয়। অথবা ও ফোন করে আমায় জিজ্ঞাসা করে যে, আমরা দেখা করতে পারি কি না। সাধারণ ভাবে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করি ৩-৫ দিন পরে। এটাই হওয়ার ছিল। এটাই জীবন।”

বর্ষীয়ান এই লেখক বলেন যে, নিজের সন্তানদের উপর অতিরিক্ত শাসন করা একটু অস্বাভাবিক, এটা ঠিক। তাঁর কথায়, “পশুদের দেখুন। তারা নিজেদের সন্তানদের গভীর ভালবাসা দিয়ে লালনপালন করে। এমনকী সন্তানদের জন্য কখনও কখনও প্রাণ পর্যন্ত দিয়ে দেয় ওরা। কিন্তু সন্তান বড় হয়ে গেলে তারা মা-বাবাকে ছেড়ে চলে যায়। শুধু মানুষই কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা নিয়ে নিজেদের ৪০ বছর বয়সী সন্তানের উপর জ্ঞান বর্ষণ করে। এটা খুবই অস্বাভাবিক।”

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ছিল জাভেদ-পুত্র ফারহান আখতারের জন্মদিন। এরপর খুব শীঘ্রই ‘১২০ বাহাদুর’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।