
Bollywood: সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদিশ ভাম্বিকে একহাত নিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। আসলে ওয়ামিকার পিআর কৌশল নিয়ে ক্রমাগত ঠাট্টা করে ভিডিও বানিয়ে পোস্ট করে গিয়েছেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
মুম্বইঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদিশ ভাম্বিকে একহাত নিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। আসলে ওয়ামিকার পিআর কৌশল নিয়ে ক্রমাগত ঠাট্টা করে ভিডিও বানিয়ে পোস্ট করে গিয়েছেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওয়ামিকা গাব্বির পিআর টিম মিটিং নামের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ওয়ামিকাকে ‘সুন্দরী এবং প্রতিভাময়ী’ বলে আখ্যা দিচ্ছেন ভাম্বি। যেখানে ওই ক্লিপে অন্যদের মন্তব্য করতে শোনা গিয়েছে যে, ‘নতুন জাতীয় ক্রাশ’ এবং ‘তৃপ্তি দিমরি কে?’। এমনকী ওই ভিডিওতে ঐশ্বর্য রাইয়ের তুলনাও টানা হয়েছে। যেখানে এক ব্যবহারকারী বলেছেন যে, “যদি ঐশ্বর্যর একটা মেয়ে থাকত, তাঁকে ওয়ামিকার মতো দেখতে হত।”
ওয়ামিকা নিজেই কমেন্ট সেকশনে গিয়ে লিখেছেন, “প্রতিভাময়ী আর সুন্দরীও? উফ ধন্যবাদ আপনাকে। আর বাকি কারও কথা জানি না, কিন্তু আমরা ওয়ামিকাকে পরবর্তী রাষ্ট্রপতি করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু অনুমোদন পাইনি।”
এরপর ওয়ামিকার মন্তব্যের জবাব দিয়েছেন ওই ইনফ্লুয়েন্সার। অভিনেত্রীর পিআর টিমকে ‘ঠান্ডা’ হতে বলেছেন এবং অভিনেত্রীর খ্যাতি আর নষ্ট না করার জন্যও আর্জি জানিয়েছেন। বাক্য বিনিময় চলছিল। তবে আকবর ইলাহাবাদির একটি হিন্দি শায়েরির মাধ্যমে ওই বাকবিতণ্ডায় ইতি টেনেছেন ওয়ামিকা। তিনি হিন্দিতে লিখেছেন, “হাম আহ ভি করতে হ্যায় তো হো জাতে হ্যায় বদনাম, উয়ো কাতিল ভি করতে হ্যায় তো চর্চা নেহি হোতা।” যার অর্থ হল, “আমি যখন দীর্ঘশ্বাস ফেলি, তখন আমি অপবাদ ভোগ করি। অথচ ওরা খুন করেও নিষ্কৃতি পেয়ে যায়।”
বলে রাখা ভাল যে, ওয়ামিকা গাব্বি একজন ভারতীয় অভিনেত্রী। হিন্দি, পঞ্জাবি, তামিল এবং তেলুগুর মতো একাধিক ভাষায় প্রচুর ছবিতে অভিনয় করেছেন। পঞ্জাবি ছবি ‘তু মেরা ২২ ম্যায় তেরা ২২’ ছবির হাত ধরে ২০১৩ সালে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন ওয়ামিকা। বৈচিত্র্যপূর্ণ চরিত্রের জন্য খ্যাতির শিখরে উঠে এসেছেন তিনি।
২০২৩ সালে পিরিয়ড ড্রামা সিরিজ ‘জুবিলি’-তে নিলোফার কুরেশি চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ওয়ামিকা। বলিউডের প্রথম দিকের প্রেক্ষাপট ঘিরে আবর্তিত হয়েছিল ‘জুবিলি’-র গল্প। সেই সময়ে ইন্ডাস্ট্রির লড়াই এবং গ্ল্যামারই ফুটে উঠেছিল। মধুবালার মতো অভিনেত্রীদের চরিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল নিলোফার চরিত্রটি। যা অসাধারণ ভাবে জীবন্ত করে তুলেছিলেন ওয়ামিকা। এখান থেকেই খ্যাতির শিখরে উঠে আসেন তিনি। একাধিক মনোনয়ন এবং অ্যাওয়ার্ড জিতেছিল ‘জুবিলি’। শেষ বার ওয়ামিকাকে দেখা গিয়েছিল ‘বেবি জন’ ছবিতে। তাঁর পাশাপাশি ওই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন বরুণ ধওয়ান, কীর্তি সুরেশ এবং জ্যাকি শ্রফকেও।
