
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মসূত্রে পাকিস্তানি (Pakistan), কানাডার নাগরিক আদনান সামি (Adnan Sami)। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এদেশে চলে এসেছেন। ভারতে এসে আবারও নতুন করে সব গড়ে তুলেছেন আদনান। এখন তিনি পুরোপুরি ভারতীয়। কেন পাকিস্তান ছেড়েছিলেন। আদনানের এই সিদ্ধান্তের পিছনে ছিল পাকিস্তানের প্রতি তিক্ততা থেকে। এবার সেরকম এক তিক্ততার কথা জানালেন সংগীতশিল্পী।
একাধিকবার সংবাদমাধ্যমে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আদনান সামি। জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানান, ২০২৪ সালের অক্টোবরে যখন তাঁর মা প্রয়াত হন, তখন তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। আদনান বলেন, ‘ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাঁর পরিস্থিতি বুঝতে পেরে তাঁকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু তিনি পাকিস্তানে ভিসার জন্য আবেদন করলে সেখান থেকে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়।’
আদনান বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা সেটা প্রত্যাখ্যান করে দেয়। আমি বললাম, আমার মা মারা গিয়েছেন, কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের জানাযা দেখেছি।’সাক্ষাৎকারে আদনান আরও স্পষ্ট করে জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। অনুরাগীদের ভালোবাসাই তাঁকে ভারতে থাকতে বাধ্য করেছে। এখানে এসে সবকিছুই তাঁকে নতুন করে গড়ে তুলতে হয়েছে। তিনি বলেন যে একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন।
পাকিস্তান সেনা প্রসঙ্গে আদনান বলেন যে ‘যারা বলে যে আমি গোপন তথ্য নিয়ে ভারতে এসেছি, তাদের জানা উচিত যে আমি একজন সঙ্গীতজ্ঞ, গায়ক এবং সুরকার। ওই জেনারেলরা আমার সুরে রোমান্স করেছিলেন এবং আমার গানে নাচতেন। আইএসআই সহ পুরো সেনা প্রতিষ্ঠান ইসলামের ছদ্মবেশে কাশ্মীর সমস্যাকে জীবিত রাখতে চায়। ওরা কাশ্মীর ইস্যুকে উস্কে দিয়ে অন্য দেশ থেকে অনুদান এবং তহবিল সংগ্রহ করে ওদের পকেট ভরে। ওরা দেশকে লুট করে বিলাসবহুল জীবনযাপন করে, অথচ জনগণের কাছে টাকা বা খাবার নেই। পুরো দেশ জেনারেলদের দ্বারা পরিচালিত হয়।’
প্রসঙ্গত, এক সময়ে পাকিস্তানের নাগরিক ছিলেন আদনান। এখন ভারতই তাঁর ঘর। বলিউড তাকে দিয়েছে তারকাখ্যাতি। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় আদনান সামিকে। সেই কারণেই তাঁর ভিসা প্রত্যাখ্যান করে দেয় পাকিস্তান। যদিও ভারতীয় নাগরিক হওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তাঁর বাবা পাকিস্তানি আর্মি সদস্য হিসাবে ভারতের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করেছেন। তবে কেরিয়ারে ভারতেই প্রথম জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর থেকেই ভারতেই বসবাস তার। তিনি আর দেশে ফেরেননি। তিনি পেয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মানও।
(Feed Source: zeenews.com)
