বুমরাকে নিয়ে আপডেট, এজবাস্টনে কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিলেন অধিনায়ক শুভমন গিল

বুমরাকে নিয়ে আপডেট, এজবাস্টনে কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিলেন অধিনায়ক শুভমন গিল

বার্মিংহাম: প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে ৩৭১ রানের পুঁজি নিয়েও পরাজয়, ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে হারের পরেই শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কত্ব নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের (India vs England 2nd Test) আগে ভারতীয় সিরিজ়ে ফিরতে কেমন একাদশ নিয়ে মাঠে নামে, সেইদিকে সকলের নজর রয়েছে। অনেকেই কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) খেলানোর পক্ষে সওয়াল করেছেন। ম্যাচের আগে গিল কিন্তু কুলদীপকে খেলানোর পূর্বাভাস দিয়ে গেলেন।

সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক দলে দ্বিতীয় স্পিনার খেলানোর প্রসঙ্গে বলেন, ‘প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, তারপর সূর্যও উঠেছিল। গত ম্যাচেও চতুর্থ ইনিংসে আমাদের দলে দ্বিতীয় একজন স্পিনার থাকলে বেশ ভালই হত। পিচে কিছু জায়গা ছিল যেটাকে আমরা কাজে লাগাতে পারতাম।পিচ কিন্তু ব্যাটিংয়ের জন্য খুবই ভাল ছিল। ফাস্ট বোলাররা তাই উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও, দলের দ্বিতীয় স্পিনার দ্বিতীয় নতুন বল আসার আগে পর্যন্ত রানটা আটকাতে পারত। এই ম্য়াচেও যদি পিচটা আগের ম্যাচের মতোই হয়, তাহলে দ্বিতীয় স্পিনার খেলানোটা কিন্তু খারাপ বিকল্প হবে না।’

প্রথম টেস্টে ভারতীয় বোলারদের উইকেট নেওয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে প্রমাণ করে দেন, কেন তিনি বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) বোলার। তবে বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের প্রয়োজন। তিনি যে চোট সারিয়ে এই সিরিজ়ে দলে ফিরে পাঁচ টেস্ট খেলতে পারবেন না, তা মোটামুটি পূর্বনির্ধারিত। তিন টেস্টেই বুমরাকে দেখা যাবে। প্রথম টেস্ট হারের পর তাঁকে কি দ্বিতীয় টেস্টে খেলানো হবে? সকলের মাথায় এই প্রশ্ন ঘোরাফেরা করছে।

গিল কিন্তু জানিয়ে দিলেন বুমরা দ্বিতীয় টেস্ট খেলার জন্য একেবারে ফিট। ‘বুমরা ম্যাচ খেলার জন্য নিঃসন্দেহেই উবলব্ধ। আমাদের ওর ওয়ার্কলোড ম্যানেজ করার রাস্তা খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, আমরা যাতে এই ধরনের পিচে ২০ উইকেট নিতে পারি এবং রান করতে পারি, তার জন্য সঠিক ভারসাম্য খুঁজছি। আমরা ঠিক করেছিলাম আজকে শেষ একবার উইকেটটা দেখে কাল ম্যাচে কাদের খেলাব, সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। নিঃসন্দেহেই দলের সেরা বোলার না খেললে, তার অভাবটা থাকেই। কিন্তু ও না খেললে ওর জায়গায় কে খেলবে, সেটা আমরা সিরিজ় শুরুর আগেই ঠিক করে রেখেছিলাম।’ বলেন ভারতীয় অধিনায়ক।

(Feed Source: abplive.com)