‘বাড়ির গুরুজনের কথা মানতে না পারলে কদর্য ভাষায় আক্রমণ করো?’, মমতাশঙ্করের পাশে দাঁড়িয়ে প্রশ্ন

‘বাড়ির গুরুজনের কথা মানতে না পারলে কদর্য ভাষায় আক্রমণ করো?’, মমতাশঙ্করের পাশে দাঁড়িয়ে প্রশ্ন

 

কলকাতা: ঋতুস্রাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, আর তাতেই কটাক্ষে জেরবার বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ঋতুস্রাব ও ঋতুস্রাব সংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে কথা বলেছেন। শিল্পীর মতে, তিনি তাঁর বাবা ও ছেলে স্যানিট্যারি প্য়াড  কিনে আনতে বলতে লজ্জা পান। তবে স্বামীকে বলতে পারেন। পাশাপাশি তিনি বর্তমানে, স্যানিট্যারি বিজ্ঞাপনগুলির রুচি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আগে স্যানিট্যারি প্যাডের বিজ্ঞাপন একটা রাখঢাক রেখে দেখানো হত, যা এখন আর হয় না। সরাসরি প্যাডে লাল রঙের তরল ঢালা হয়। এই ধরণের বিজ্ঞাপন চলার সময় কেউ ঘরে চলে আসলে অস্বস্তিতে পড়েন মমতা শঙ্কর। কিন্তু তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। তাঁকে প্রাচীনপন্থী ও আধুনিকমনস্ক নন বলে সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ কটাক্ষ শানান। তাঁর রুচি ও শিক্ষা নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলেন অনেকেই। আর এবার, এই বিতর্কে মমতা শঙ্করের পাশে দাঁড়ালেন অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। 

সোশ্যাল মিডিয়ায় সুদীপা মমতা শঙ্করের পাশে দাঁড়িয়ে লিখেছেন, মমতা শঙ্করের বক্তব্য আধুনিক যুগের ছেলেমেয়েদের (জ়েন জি) অপছন্দ হতেই পারে, কিন্তু এতে যে কেউ মমতা শঙ্করকে অপমান করার অনুমতি পেয়ে যান না। মমতা শঙ্করের সম্পর্কে যা ইচ্ছে তাই বলার আগে তাঁর বয়স মাথায় রাখা উচিত বলে মনে করেন সুদীপা। অভিনেত্রী সঞ্চালিকা লিখেছেন, ‘ তোমরা সবাই কে কি করছো ভাই- যে তোমার কথা শুনতে হবে? তুমি কে উনি ঠিক না ভুল তা বিচার করার? তোমাদের কার কি অবদান রয়েছে এই সমাজে- একটু বল তো? ওনার মতো অভিনয় করতে পারবে? ওনার মতো নাচতে পারো- কজন? সবার আগে মনে রাখতে হবে- উনি বয়স তোমাদের থেকে অনেকটা বড় । তাই,যে কোথা নিজের মা-পিসি-ঠাকুমা-দিদিমাকে বলতে পারো না,সেকথা openly সবার সামনে,ওনাকে বলছো কেন? আমাদের বাড়িতে গুরুজনের সবার সব কথা আমাদের সব সময় কি ভালো লাগে? সব কথা মানতে পারো? তখন কি তাদের ঠিক এইরকম কদর্য ভাষায় আক্রমণ করো? একবার রাগ না করে,ভেবে দেখ কথাটা?’

সুদীপা আরও লেখেন, ‘ ওই স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখতে আমার মাও পছন্দ করতেন না। তাঁকে আমরা আমাদের ভাবনাটা বোঝাতে চেষ্টা করতে পারি। কিন্তু, এভাবে আক্রমণ করাটা বোধহয় ঠিক নয়। আমি ওনার কথা সমর্থন করছি না,তবে তোমাদের আক্রমণটাকেও সমর্থন করতে পারছি না।’ শেষমেষ সুদীপা লেখেন, ‘ মমদিকে আমি চিনি । ভীষণ ভালো সাদামাটা একটা মানুষ। উনি নিশ্চয়ই কষ্ট পান। আমি জানি- উনি সবাইকে আপন মনে করেন- আর কষ্ট পান।’

(Feed Source: abplive.com)