
কলকাতা: ঘরোয়া ক্রিকেটে নতুন মরশুমের দামামা বেজে গিয়েছে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) জন্য ৫০ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছে বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণে প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে বাংলার। প্রায় ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়ে রঞ্জি ট্রফি জয়ের অঙ্গীকার করার কথা খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা – বাংলার পুরো ক্রিকেট সমাজের।
কিন্তু বঙ্গ ক্রিকেট এখন যেন অন্য খাতে বইছে। যেখানে খেলা নিয়ে আলোচনা কম, বিতর্ক বেশি।
কখনও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে খোদ সিএবি কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে। কখনও যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ছে। কখনও আবার দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগে বিদ্ধ হচ্ছেন সিএবির কমিটি মেম্বার অম্বরীশ মিত্র।
এবার বিতর্কে সিএবি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মহাদেব চক্রবর্তী। অভিযোগ, তথ্য গোপন করে তিনি সিএবির কমিটিতে ঢুকেছিলেন। যা জানিয়ে সিএবির ওম্বাডসম্যান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের কাছে চিঠি দিয়েছেন জনৈক শ্যামল দাস। যিনি নিজেকে ক্রিকেট অনুরাগী বলে পরিচয় দিয়েছেন। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে সিএবি সচিব নরেশ ওঝা ও কলকাতা পুলিশ ক্লাবের সচিবের কাছে।
কী অভিযোগ? চিঠিতে দাবি করা হয়েছে, সিএবির গঠনতন্ত্র ভেঙেছেন মহাদেব। যিনি কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের উচ্চ পদে থাকা অবস্থায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েছিলেন। অভিযোগ, অ্যাপেক্স কাউন্সিলে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি যে সরকারি কর্মচারী তা হলফনামায় জানাননি মহাদেব।
সিএবির গঠনতন্ত্র বলছে, কোনও সরকারি কর্মচারী স্পোর্টস কোটায় নিযুক্ত হয়ে থাকলে একমাত্র তবেই তিনি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য বা সিএবির পদাধিকারী হতে পারবেন। এক্ষেত্রে যে নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।
মহাদেব চক্রবর্তীর সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে তিনি বললেন, “এটা কল্পনা না পরিকল্পনা ঠিক সময়ে জানা যাবে। আমি কোনও চিঠি পাইনি। পেলে সঠিক জায়গায় যা বলার বলব।”
শোনা গেল, সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশের প্রত্যেকটি রাজ্য ক্রিকেট সংস্থায় যে সংশোধিত গঠনতন্ত্র তৈরি হয়েছিল, সিএবিতে অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। কেউ কেউ বলছেন, ঠক বাছতে না গাঁ উজাড় হয়! আর ময়দানের একটা বড় অংশ প্রশ্ন তুলছে, এসবের মধ্যে পড়ে ক্রিকেট হারিয়ে যাচ্ছে না তো?
(Feed Source: abplive.com)
