
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় স্টার ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) এক দারুণ গল্প শোনালেন। জানালেন কীভাবে তাঁকে জীবনের কঠিন সময়ে একেবারে পুরোপুরি চাঙ্গা করে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহ-মালিক এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)।
তেইশের আইপিএলে রিঙ্কু
আইপিএল মাতিয়ে ভারতীয় ক্রিকেটে রকেটের মতো উত্থান রিঙ্কুর। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের বিরাট ধাক্কা খেয়েছিলেন তিনি। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। যশ দয়ালের ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ছিল ১৪৯.৫৩। সঙ্গে চারটি অর্ধ শতরান। এরপর থেকে আর রিঙ্কুরে পিছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে গিয়েছিলেন তিনি।
চব্বিশের বিশ্বকাপে ধাক্কা!
ঘটনাচক্রে অনেকেই নিশ্চিত ছিলেন যে, ২০২৪ টি-২০ বিশ্বকাপের দলে রিঙ্কুর টিকিট কনফার্মড। তাঁকে নিয়েই হবে দল। তবে জাতীয় দলের নির্বাচকরা বিশ্বকাপের মূল দলে রিঙ্কুকে রাখেননি! ১৫ জনের দলে জায়গা হয়নি উত্তরপ্রদেশের ক্রিকেটারের। রিঙ্কু ছিলেন রিজার্ভে। মূল স্কোয়াডে এসেছিলেন শিবম দুবে। এমন সময়ে রিঙ্কু ভেঙে পড়েছিলেন কার্যত। আর তখনই কিং খান রেখেছিলেন রিঙ্কুর কাঁধে হাত।
রিঙ্কু এক স্পোর্টস ওয়েবসাইটে বললেন
‘গতবছর টি-২০ বিশ্বকারে আমাকে মূল দলে রাখা হয়নি। আমি স্ট্যান্ডবাইতে ছিলাম। আমাদের দল ইতিমধ্যেই চলে গিয়েছিল বিদেশে এবং আমাকে ভিসার আনুষ্ঠানিকতার জন্য যেতে হয়েছিল। স্যরকেও (শাহরুখ খানের কথা উল্লেখ করে) পরের দিন বেরিয়ে যেতে হত। আমার ফ্লাইট ইতিমধ্যেই বুকড ছিল এবং আমি একাই চলে যাচ্ছিলাম। স্যর বা পূজা ম্যাম (শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির কথা উল্লেখ করে) বলেন যে, আমাকে নাকি স্যরের সঙ্গেই ফ্লাইটে ট্রাভেল করতে হবে। আমি পুরোপুরি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, নিজেকে কীভাবে সামলাব? কী বলব? প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করেছিলাম।’
প্রথমবার রিঙ্কুর চার্টার ফ্লাইট!
কিন্তু স্যার যখন একবার বলে দিয়েছেন, আমি আর কীভাবে না বলি? হ্যাঁ আমাদের গাড়িতে কথা হয়েছিল। আমাকে প্রচুর উৎসাহিত করেছিলেন। সেই মরসুম আমার জন্য একেবারেই ভালো যাচ্ছিল না। তাই স্যর আমাকে জিনিসগুলি ব্যাখ্যা করছিলেন, আমাকে পুরো সমর্থন করছিলেন। তাই তিনি আমাকে প্রচুর মোটিভেট করেছিলেন। আর প্রথমবারের মতো আমি চার্টার ফ্লাইটে চড়েছিলাম এবং তাও আবার স্যরের সঙ্গে। ওই দু’ঘন্টা আমার জন্য সত্যিই আশ্চর্যজনক ছিল। আমি আর কী বা বলতে পারি! অবিশ্বাস্য ছিল। অনেক সুন্দর জিনিস ঘটেছিল।’ রিঙ্কু আজ কোটি কোটি টাকার মালিক। তবে তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। খুবই অভাবী পরিবারের ছেলে ছিলেন। বাবাকে একসময়ে হকারি করতে দেখেছেন। এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন তিনি। এমনকী রিঙ্কুকেও ঝাড়ুদারের কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল সংসার চালানোর জন্য। রিঙ্কু আজও ভোলেননি সেসব দিনের কথা। ফলে রিঙ্কুর কাছে প্রথম চার্টার ফ্লাইটের অভিজ্ঞতাও ছিল আলাদাই। তাও আবার কিং খানের সঙ্গে।
এশিয়া কাপ
ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ। গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। গত মঙ্গলবার অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড। রয়েছেন রিঙ্কু। তাঁকে নিয়েই হয়েছে দল।
(Feed Source: zeenews.com)
