
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রিন কার্ড ও ভিসা হোল্ডারদের জন্য আসছে বড় সতর্কবার্তা। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নিতে চলেছে মার্কিন সরকার। জানা গিয়েছে, এবার থেকে ‘কোনও শুনানি নয়, কোনও সতর্কবার্তা নয়’— সরাসরি ডিপোর্টেশন হতে পারে অভিযুক্তদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারও আগে একই ধরনের অপরাধ থাকলে এবার সেই রেকর্ডও ডিপোর্টেশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে। অর্থাৎ, শুধুমাত্র নতুন অপরাধ নয়, অতীতের রেকর্ডও বিদেশি নাগরিকদের ভিসা বা গ্রিন কার্ড বাতিলের কারণ হতে পারে।
কঠোর পদক্ষেপের পরিকল্পনা
মার্কিন ইমিগ্রেশন নীতি অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে বড় অপরাধ হিসেবে ধরা হচ্ছে। বিশেষত, অভিবাসী ও ভিসাধারীরা যদি এ অপরাধে ধরা পড়েন, তবে তাঁদের আর আদালতে শুনানির সুযোগ দেওয়া হবে না। সরাসরি ভিসা বাতিল ও দেশছাড়ার নির্দেশ জারি হতে পারে।
কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
গ্রিন কার্ডধারী, স্টুডেন্ট ভিসা হোল্ডার, ওয়ার্ক ভিসা হোল্ডার, ট্যুরিস্ট ভিসা হোল্ডার সব ধরনের বিদেশি নাগরিকই এর আওতায় আসতে পারেন। আইনটি কার্যকর হলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা লাখো অভিবাসী ও কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
কঠোরতার কারণ
আমেরিকায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ কারণেই আইন আরও কড়া করার পথে হাঁটছে প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় জন্যও এটি বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, “এক মুহূর্তের অসতর্কতা আপনার ভিসা, চাকরি, এমনকি স্বপ্নকেও নষ্ট করে দিতে পারে।” কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এখন আমেরিকায় গ্রিন কার্ড ও ভিসাধারীদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। “Protect Our Communities from DUIs Act” নামে একটি নতুন বিল আনা হয়েছে, যেখানে বলা হয়েছে— ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ধরা পড়লেই তা ডিপোর্টযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
(Feed Source: zeenews.com)
