
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১২ জুন শিল্পপতি সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। এই আইনি যুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর তাঁর সন্তানদের হয়ে সঞ্জয়ের বিধবা স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে মামলা করেছেন। সম্পত্তির এই আইনি লড়াইয়ের কারণে প্রিয়া সচদেবের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় উঠে এসেছে।
প্রিয়া সচদেব এবং সঞ্জয় কাপুরের পরিবারে কখনোই সরাসরি কোনও বিরোধ ছিল না। প্রিয়া এবং সঞ্জয় তাঁদের নিজেদের সন্তানদের নিয়ে ব্যস্ত ছিলেন, আর করিশ্মাও তাঁর পরিবারের দিকে মনোযোগ দিয়েছিলেন। তাই প্রিয়া এবং করিশ্মার মধ্যে কখনো সরাসরি দেখা করার সুযোগ হয়নি।
প্রিয়ার প্রথম বিয়ে হয়েছিল আমেরিকান ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের সঙ্গে ২০০৬ সালে। বিক্রম একজন ব্যবসায়ী এবং অভিনেতা, যিনি হ্যামসফায়ার হোটেলস অ্যান্ড রিসর্টসের প্রতিষ্ঠাতা। প্রিয়া এবং বিক্রমের জমকালো বিয়ে ভাঙে ২০১১ সালে। তাদের বিবাহ অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু বিখ্যাত ব্যক্তি উপস্থিত ছিলেন এবং ছয় দিন ধরে উৎসব চলেছিল। তাঁদের ১৮ বছর বয়সী একটি মেয়ে আছে, যাঁর নাম সাফিরা চাটওয়াল।
২০১৭ সালে প্রিয়া সঞ্জয় কাপুরকে বিয়ে করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন। একটি ইউটিউব শোতে প্রিয়া তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলেন। তিনি জানান যে, বিক্রমের প্রচেষ্টা এবং সাফল্য সত্ত্বেও, তাঁদের সম্পর্ক টেকেনি। সাফিয়ার গর্ভধারণের ১৫ থেকে ২০ সপ্তাহের মধ্যে প্রিয়া বুঝতে পারেন যে এই সম্পর্ক স্থায়ী হবে না। এরপরেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। এই মামলায় প্রিয়া সচদেব এক দিকে এবং তাঁর বিরুদ্ধে সঞ্জয়ের মা রানি কাপুর ও বোন মন্দিরার সাথে করিশ্মা কাপুর তাঁর দুই সন্তানের হয়ে মামলা লড়ছেন। করিশ্মা কাপুর তার সন্তানদের হয়ে আদালতে আবেদন করেছেন যে প্রিয়া সচদেব একটি জাল উইল তৈরি করে পুরো সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। তবে প্রিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে করিশ্মার সন্তানরা ইতোমধ্যেই ১,৯০০ কোটি টাকা পেয়েছে এবং তাঁদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়নি। এই হাই-প্রোফাইল মামলার শুনানি বর্তমানে দিল্লি হাইকোর্টে চলছে, এবং আদালত প্রিয়া সচদেবকে সঞ্জয় কাপুরের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
(Feed Source: zeenews.com)
