আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার জন্য বিরাট অঙ্কের আর্থিক প্রস্তাব! ক্রিকেটবিশ্বে শোরগোল

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার জন্য বিরাট অঙ্কের আর্থিক প্রস্তাব! ক্রিকেটবিশ্বে শোরগোল

সিডনি: বছরের গোড়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল হেনরিখ ক্লাসেনের সিদ্ধান্তে । বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলার জন্য আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ।

এবার সেই পথে হেঁটে কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার? অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্র্যাভিস হেডকে (Travis Head ) নাকি লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে । কী প্রস্তাব? বছরে ১০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ কোটি টাকা) দেওয়া হবে । ছাড়তে হবে আন্তর্জাতিক ক্রিকেট । খেলতে হবে শুধু আইপিএল ও বিভিন্ন টি-২০ লিগে । একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে । এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে ।

অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র, সিডনি মর্নিং হেরাল্ডে ফলাও করে বেরিয়েছে এই খবর । বলা হয়েছে, কামিন্স ও হেডকে এই প্রস্তাব দিয়েছিল আইপিএলের একটি দল । তবে সেই প্রস্তাব তাঁরা নাকচ করেছেন বলেই বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে ।

এমনিতে অস্ট্রেলিয়ী ক্রিকেট বোর্ডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ফি হিসাবে বছরে দেড় মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৩২ লক্ষ টাকা) পান প্রথম সারির ক্রিকেটারেরা । কামিন্সের আয় অবশ্য তার চেয়ে একটু বেশি ।  বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে বছরে ৩ মিলিয়ন ডলার পান । অধিনায়কত্ব করার জন্য প্রাপ্ত ভাতা ধরে ।

আইপিএলে দুজনই খেলেন সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) । সানরাইজার্স হায়দরাবাদের থেকে কামিন্স বছরে ১৮ কোটি টাকা ও হেড বছরে ১৪ কোটি টাকা উপার্জন করেন । তবে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্র যে দ্রুত বদলে যাচ্ছে, তা কামিন্স ও হেডকে দেওয়া প্রস্তাব থেকেই বোঝা যাচ্ছে । তবে কোন দল থেকে তাঁদের এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা প্রকাশ্যে আসেনি । দুই তারকাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন । শোনা যাচ্ছে, বিগ ব্যাশ লিগকে বেসরকারি করে দেওয়ার ব্যাপারেও ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশ ও ক্রিকেটারদের ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে ।

আইপিএলের প্রায় সব ফ্র্যাঞ্চাইজিরই বিশ্বের বিভিন্ন দেশের টি-২০ লিগে দল রয়েছে ।

      (Feed Source: abplive.com)