
কলকাতা: স্বপ্নের রাত.. যুদ্ধ জয়ের রাত.. দীর্ঘ অপেক্ষার অবসান.. ১৪ বছর পরে ফের একবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। এবার সেরার শিরোপা উঠল ভারতীয় মহিলা দলের হাতে। গতকাল রাতে, ভারতীয় মেয়েদের ২২ গজের যুদ্ধ জয়ের ছবিটা দেখে, কমেন্ট্রি বক্সে বসে চোখ ভিজেছিল যাঁর, তিনি ঝুলন গোস্বামী (Jhulan Goswami), ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি এক চরিত্র। যাঁকে নিয়ে বায়োপিক হওয়ার কথা রয়েছে রুপোলি পর্দায়। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতের মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে, ফের একবার সোশ্যাল মিডিয়ায় আবেদন উঠল, এবার ঝুলন গোস্বামীর বায়োপিককে মুক্তি দেওয়ার।
ঝুলন গোস্বামীর বায়োপিকে মুখ্যভূমিকায় অভিনয় করার কথা, অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র। দীর্ঘদিন আগেই এই সিনেমার শ্যুটিং শেষ করে ফেলেছেন অনুষ্কা, তারপরেও দীর্ঘদিন আটকে এই সিনেমা। ২০২২ সালে ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিং হয়ে গিয়েছে। সেই সময়ে ইডেন গার্ডেন্সে এসেও শ্যুটিং করেছিলেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর আদব কায়দা রপ্ত করার জন্য দীর্ঘ সময় ঝুলন গোস্বামীর সঙ্গে কাটিয়েছেন অনুষ্কা। শ্যুটিং করেছেন বিভিন্ন জায়গায়। তবে সেই বায়োপিকের মুক্তি এখনও বিশ বাঁও জলে।
ভারতের মহিলা দলের বিশ্বকাপ জয়ের পরে, নেটাগরিকরা আবেদন করেছেন, এবার তো ঝুলন গোস্বামীর বায়োপিকের কোনও খবর সামনে আনা উচিত। অন্তত ঘোষণা করা উচিত, বায়োপিক কবে মুক্তি পাবে! ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ শুরু হয়েছিল, ২০১৯ সালে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির খসড়া ও প্রস্তুত করে ফেলেছিলেন। ২০২০ সালে এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯-এর আউটব্রেক এবং তারপরে অনুষ্কার মা হওয়া, সব মিলিয়ে পিছিয়ে যায় ছবির শ্যুটিং।
এরপরে, ২০২২ সালে সিনেমার শ্যুটিং শুরু হয় আর মাত্র ৬ মাসের মধ্যে তাঁর সিনেমার শ্যুটিং ও শেষ হয়ে যায়। এরপরে নেটফ্লিক্স ইন্ডিয়া কার্নেশ শর্মার প্রোডাকশন হাউসের সঙ্গে মিলিতভাবে ‘চাকদা এক্সপ্রেস’-এর কাজ করার জন্য পার্টনারশিপ করে। কিন্তু খবর অনুযায়ী, কার্নেশ শর্মা গত বছর নেটফ্লিক্সের সঙ্গে তাঁর চুক্তি শেষ করেছেন। তাহলে কোথায় মুক্তি পাবে এই সিনেমা? বড়পর্দায় মুক্তি পাবে নাকি মুক্তি পাবে ওটিটিতে? কোনও খবর নেই এখনও পর্যন্ত।
এই সিনেমায় অভিনয় করেছেন, দিব্যেন্দু ভট্টাচার্য ও। তিনি জানিয়েছিলেন, এই ছবিটি মুক্তির জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কবে এই সিনেমাটা মুক্তি পাবে, তা নিয়ে তাঁর কোনও আন্দাজ নেই।
(Feed Source: abplive.com)
