ইডেনে টেস্ট যুদ্ধের দামামা বাজিয়ে কলকাতায় পৌঁছলেন শুভমন-বুমরা-গম্ভীররা, বিমানবন্দরে উচ্ছ্বাস

ইডেনে টেস্ট যুদ্ধের দামামা বাজিয়ে কলকাতায় পৌঁছলেন শুভমন-বুমরা-গম্ভীররা, বিমানবন্দরে উচ্ছ্বাস

সন্দীপ সরকার, কলকাতা: ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তাঁর হাত ধরে। টেস্ট দলের অধিনায়ক হিসাবে জীবনের প্রথম পরীক্ষা দিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। আর সেই সফরে কি না ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করেছেন! ইংরেজদের ডেরায় গিয়ে টেস্ট সিরিজে পিছিয়ে পড়ার পরেও ড্র করে ফিরেছেন। মাথা উঁচু করে। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়। টেস্ট দলের অধিনায়ক হিসাবে শুভমন গিলের প্রতিপত্তি আরও বেড়েছে।

এবার নতুন এক পরীক্ষার মুখোমুখি ক্যাপ্টেন গিল। বিরাট কোহলিকে যেমন ভক্ত-অনুরাগীরা ভালবেসে কিংগ কোহলি বলেন, সেরকমই শুভমনের নামকরণ হয়ে গিয়েছে ‘প্রিন্স’। ভারতীয় ক্রিকেটের যুবরাজ এবার অধিনায়ক হিসাবে ফার্স্ট বয়ের বিরুদ্ধে পরীক্ষায় বসছেন এমন এক শহরে, যেখানে থাকেন প্রিন্স অফ ক্যালকাটা, সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের শহরে শুক্রবার থেকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় দল। ইডেনে যে লড়াইয়ে ভারতের সেনাপতি শুভমন গিলই।

সেই ম্যাচের চারদিন আগে, সোমবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন শুভমন গিল। সটান অস্ট্রেলিয়া থেকে। সঙ্গে ছিলেন আরও দুই ক্রিকেটার। ভারতের পেস বোলিং বিভাগের ব্রহ্মাস্ত্র যশপ্রীত বুমরা, স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এবং অবশ্যই গুরু গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ চলছিল ভারতের। রবিবার ব্রিসবেনে ছিল সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। সেই ম্যাচ বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। ওয়ান ডে সিরিজে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে।

সেই সিরিজ জয়ের পর ব্রিসবেন থেকে সটান কলকাতায় পৌঁছলেন শুভমনরা। প্রথমে ঠিক ছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে যে চারজন টেস্ট দলের ক্রিকেটার রয়েছেন, তাঁরা সকলেই সোমবার রাতে কলকাতায় পৌঁছে যাবেন। তবে ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় অক্ষর পটেল আসেননি। তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে রবিবার অনেক রাতেও কলকাতা বিমানবন্দরের বাইরে ক্রিকেটপ্রেমীদের ভিড় জমে গিয়েছিল। শুভমনকে দেখেই তাঁর নামে জয়ধ্বনি ওঠে। শুভমন বেশ নির্লিপ্ত চোখ মুখ করেই গাড়িতে ওঠেন। তবে খোশমেজাজে ছিলেন বুমরা। তাঁর নাম ধরে ডাকাডাকি শুরু হতেই হাত নাড়েন ফটোগ্রাফারদের উদ্দেশে।

সোমবার দলের বাকি ক্রিকেটারেরা ধাপে ধাপে কলকাতায় ঢুকবেন। মঙ্গলবার সকাল থেকেই ইডেনে শুরু হয়ে যাবে শুভমনদের প্রস্তুতি। টেস্টে স্টিভ ওয়ের অশ্বমেধ এই ইডেনেই রুখে দিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া। এবার সেই পয়মন্ত মাঠে কি টেস্টে বিশ্বসেরাদের আটকাতে পারবে শুভমন ও তাঁর দলবল?

(Feed Source: abplive.com)