জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই শীতের সন্ধ্যায় কবিতাভিত্তিক এক অন্যরকম প্রযোজনা নিয়ে আসছেন শহরের বিশিষ্ট বাচিক শিল্পী রাজা। এই শহর কবিতার শহর, আর সেই শহরের চেনা চেনা সম্পর্ক—বন্ধু, প্রেমিকা, কলেজ এবং স্মৃতিমাখা নস্টালজিয়া—ছড়িয়ে আছে রাজার উপস্থাপনায়।
সময়, অতীত আর বর্তমানকে কবিতায় তুলে ধরে এক ভিন্ন ধরনের প্রযোজনা হতে চলেছে ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার, উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬টায়। থার্ড আইয়ের আয়োজনে এই অনুষ্ঠানের নাম “রুমাল, ধুলো, কবিতাগুলো…”। আপনি যদি নব্বইয়ের দশককে ভালোবাসেন, তবে গল্প, কবিতা ও গান নিয়ে তৈরি এই প্রযোজনা আপনাকে ভাসাবে নস্টালজিয়ায়।
দীর্ঘ কুড়ি বছর ধরে রাজা কবিতা নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। নিজেকে প্রতিনিয়ত ভেঙে-গড়ে তিনি খুঁজছেন নতুন আঙ্গিক। যারা কবিতা শুনতে ভালোবাসেন না, তাদের কাছেও কীভাবে আবৃত্তিকে পৌঁছে দেওয়া যায়, তা নিয়েই রাজার মূল ভাবনা। এবারের এই উপস্থাপনায় লাইভ ইনস্ট্রুমেন্টের সঙ্গে নিজের কবিতা পাঠ করবেন রাজা।
তথাগত মিশ্র’র এসরাজের সুরে কবিতায় এক অন্যরকম মুহূর্ত তৈরি হবে। সাগ্নিক সমাদ্দারের পিয়ানো থাকবে সঙ্গতে। বিশেষ একটি চরিত্রে থাকছেন অভিনেত্রী দেবলীনা দোয়েল ভট্টাচার্য। জয়াশিস ঘোষ, সুজয় প্রসাদ চ্যাটার্জী, সায়ম বন্দোপাধ্যায়, সরোজ দরবার ও আরও অনেকের নতুন এবং চিরকালীন কিছু কবিতার কোলাজ নিয়ে এই সন্ধ্যায় অন্য এক আবেশ তৈরি হতে চলেছে।
এর পাশাপাশি, রাজার কবিতার ক্লাস এবার পনেরো বছরে পা দিল। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়েও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম “ফিরিয়ে দাও আমাদের রঙগুলো”। সমস্ত ব্যাচের প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর দলগত প্রচেষ্টায় মঞ্চে এক মিথ্যে রূপকথার ছবি ফুটে উঠবে। স্ক্রিপ্ট লিখেছেন লোপামুদ্রা রায়চৌধুরী এবং আবহ তৈরি করেছেন অনির্বাণ চৌধুরী। আবহ প্রক্ষেপণ করবেন আশিস ঘোষ। এই প্রযোজনাটিরও পরিচালনায় থাকছেন রাজা।
রাজার কথায়, “এই শহরের গানের, কবিতার এবং অন্য শিল্প জগতের সবার থেকে শিখি। ছোট্ট প্রচেষ্টা, তাই সবাইকে আমার শ্রদ্ধা জানানো নতুন কাজ করে।” আশা করা যায় এই প্রযোজনা দর্শকদের শীতের সন্ধ্যায় নিজেকে খুঁজে পাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা উপহার দেবে।
(Feed Source: zeenews.com)
