
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ প্রেম চোপড়া (Prem Chopra), অভিনেতার বয়স ৮৮ বছর। নভেম্বর মাসে বুকে অস্বস্তি (Chest Congestion) নিয়ে প্রেম চোপড়াকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষার পর তাঁর ‘সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস’ (Severe Aortic Stenosis) ধরা পড়ে। এটি এমন একটি গুরুতর হৃদরোগ, যেখানে অ্যাওর্টিক ভালভ ছোট হয়ে যায় এবং হৃৎপিণ্ড থেকে রক্তপ্রবাহকে বাধা দেয়। সঠিক চিকিৎসা না হলে এটি মারাত্মক হৃদরোগের জটিলতা তৈরি করতে পারত। তবে রক্ষা পান বর্ষীয়ান অভিনেতা।
সম্প্রতি মুম্বইতে তাঁর অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচারের পর বর্তমানে বাড়িতে সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ পর, তাঁর জামাই ও অভিনেতা শরমন যোশী অভিনেতার স্বাস্থ্য নিয়ে বিস্তারিত ও আশ্বস্ত করার মতো তথ্য দিয়েছেন।
শরমন জানান চিকিৎসকেরা ওপেন-হার্ট সার্জারির বদলে অত্যাধুনিক, কম আক্রমণাত্মক পদ্ধতি TAVI (ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্ল্যান্টেশন) বেছে নেন। এই পদ্ধতিতে বুক না কেটেই ছোট ভালভটি প্রতিস্থাপন করা সম্ভব হয়, যা প্রবীণ রোগীদের জন্য দ্রুত আরোগ্য এবং কম ঝুঁকির নিশ্চয়তা দেয়। শরমন জানান, কার্ডিওলজিস্ট ডাঃ নীতিন গোখলে এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রবীন্দ্র সিং রাও অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্ষীয়ান অভিনেতাকে সুস্থ করে তুলেছেন। শরমন তাঁর পোস্টে লেখেন, “তাঁদের অভিজ্ঞতা প্রক্রিয়াটিকে মসৃণ, জটিলতামুক্ত করে সুস্থ করে তুলেছেন।”
শরমন আরও জানান, অস্ত্রোপচারের পর অভিনেতা দ্রুত সাড়া দিয়েছেন এবং ইতোমধ্যেই বাড়ি ফিরে এসেছেন। তিনি লেখেন, “বাবা এখন বাড়ি ফিরেছেন এবং আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন।” তিনি পুরো চিকিৎসক দলের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শরমন হাসপাতাল থেকে কিছু ছবিও পোস্ট করেছেন, যেখানে হাসিমুখে প্রেম চোপড়াকে ডাক্তারদের সাথে পোজ দিতে দেখা যায়। সেই ছবিগুলিতে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকেও দেখা গেছে, যা দেখে জানা যায় যে তিনি তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুকে দেখতে হাসপাতালে এসেছিলেন।
চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করা প্রেম চোপড়া হিন্দি সিনেমার ইতিহাসে কিছু অবিস্মরণীয় খলনায়কের চরিত্রে অভিনয় করে গেছেন। অভিনয় দক্ষতায় তিনি জনপ্রিয়তা পেয়েছেন অফুরান। তাঁর সিগনেচার সংলাপ, “প্রেম নাম হ্যায় মেরা… প্রেম চোপড়া” আজও বলিউডের অন্যতম জনপ্রিয় সংলাপ। এই কিংবদন্তি অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠুন—তাঁর অনুরাগী ও সহকর্মীরা এই কামনাই করছেন।
(Feed Source: zeenews.com)
