Adamya Bengali Cinema: প্রেম ও বিদ্রোহের দেশলাই কাঠি, সুন্দরবনের প্রেক্ষাপটে অপর্ণা সেন নিবেদিত ‘অদম্য’

Adamya Bengali Cinema: প্রেম ও বিদ্রোহের দেশলাই কাঠি, সুন্দরবনের প্রেক্ষাপটে অপর্ণা সেন নিবেদিত ‘অদম্য’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল অপর্ণা সেন নিবেদিত ও রঞ্জন ঘোষ পরিচালিত নতুন ছবি ‘অদম্য’-র টিজার। আর সেই টিজার ঘিরেই টলিপাড়ায় এখন জোর চর্চা।

ছবির মূল চরিত্র পলাশ এক চিলতে দেশলাই কাঠির মতো দেখতে এই ছিপছিপে যুবকের ভেতরেই যেন জ্বলছে এক আগ্নেয়গিরি। শহীদ ভগৎ সিং আর কবি সুকান্ত ভট্টাচার্য যার ভাবনার সহযাত্রী। সুন্দরবনের নোনা জল আর ঘন ম্যানগ্রোভের অরণ্যে এক অদ্ভুত লড়াইয়ের গল্প শোনাতে আসছে ‘অদম্য’।

গল্পের সূত্রপাত একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। একটি অপারেশন ভুল পথে চালিত হয়, আর তার পরেই শুরু হয় এক অসম দৌড়। ২৩ বছরের পলাশ, যে একসময় ছিল লক্ষ্যভেদী শিকারি, রাষ্ট্রের চোখে সেই এখন পলাতক ‘শিকার’। সুন্দরবনের আদিম প্রকৃতি আর মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সমান্তরালে এগিয়েছে এই ছবি।

ছবিটি কেবল একটি থ্রিলার নয়, বরং চরিত্র-অন্বেষণের এক নিপুণ দলিল। পরিচালক রঞ্জন ঘোষ প্রশ্ন তুলেছেন দর্শক তথা সমাজের বিবেকের কাছে রাষ্ট্র যাঁদের ‘চরমপন্থী’ তকমা দিয়ে কোণঠাসা করে, তাঁরা কি সত্যিই দুর্বৃত্ত? নাকি আগামীর কোনো বিপ্লবের বীজ লুকিয়ে আছে তাঁদের স্পর্ধায়? অন্ধকার নামলেও লড়াই যে ফুরিয়ে যায় না, ভোরের ভেরি বাজিয়ে নতুন প্রতিরোধের ডাক দেয় ‘অদম্য’।

এই ছবির হাত ধরেই বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে অভিষেক ঘটছে তরুণ অভিনেতা আরিয়ুন ঘোষের। চরিত্রের প্রয়োজনে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি। আরিয়ুনের ভাষায়, ‘এই ছবিতে আমার ঘাম, রক্ত আর যন্ত্রণা মিশে আছে। পলাশ চরিত্রটি আমার মস্তিষ্কে ও মননে থেকে যাবে চিরকাল।’ ছবিতে আরিয়ুনের পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছেন সেঁজুতি রায় মুখার্জি, শৌর্য মাদ্রাজী, আর্য গিরি, শুভম দত্ত, দেবাশিস গিরি ও শঙ্কর বিশ্বাসের মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী।

আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ভ্যালেনটাইন্স ডে-র ঠিক আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘অদম্য’। প্রেমের উদযাপনের মাঝে পলাশের এই দ্রোহের কাহিনি দর্শক মনে কতটা ছাপ ফেলে, এখন সেটাই দেখার।

(Feed Source: zeenews.com)