Khaleda Zia Death: মাতৃহারা তারেক! প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া…

Khaleda Zia Death: মাতৃহারা তারেক! প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া…

মৌমিতা চক্রবর্তী: অবশেষে থেমে গেল দীর্ঘ লড়াই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia) আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবরটি নিশ্চিত করে বলা হয়েছে, “আজ সকাল ৬টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন।” তাঁর এই প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। সোমবার রাতেও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানিয়েছিলেন যে, নেত্রীর সংকট অত্যন্ত গভীর। মঙ্গলবার রাত ২টো নাগাদ তাঁর ছেলে তারেক রহমান-সহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বেরোন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই সব শেষ হয়ে যায়। মৃত্যুর সময় তাঁর কাছে উপস্থিত ছিলেন বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার এবং নাতনি জাইমা রহমান ও জাহিয়া রহমান। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ফেরার পর থেকেই তিনি প্রায় সবটুকু সময় হাসপাতালের কেবিনে অসুস্থ মায়ের পাশেই কাটিয়েছেন। মায়ের শেষ বিদায়ে তিনি পাশে থাকতে পেরেছেন, এটাই হয়তো পরিবারের জন্য কিছুটা সান্ত্বনার।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম তাঁর। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর, তাঁর রাজনীতিতে অভিষেক। তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন (১৯৯১-৯৬, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১-২০০৬)।

২০০৭ সালের পর থেকে তাঁর জীবনে রাজনৈতিক ঝঞ্ঝা শুরু হয়। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে তাঁকে জেলে যেতে হয়। জেল থেকে বেরোনোর পর গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত সিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

(Feed Source: zeenews.com)