কোথাও প্রেক্ষাগৃহে ভাঙচুর, কুমির নিয়ে সিনেমা দেখতে এলেন অনুরাগীরা! প্রভাস পর্দায় ফিরতে উচ্ছ্বাস

কোথাও প্রেক্ষাগৃহে ভাঙচুর, কুমির নিয়ে সিনেমা দেখতে এলেন অনুরাগীরা! প্রভাস পর্দায় ফিরতে উচ্ছ্বাস
কলকাতা: দীর্ঘদিন মুক্তি পায়নি প্রভাস (Prabhas)-এর কোনও ছবি। তাঁর ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। প্রভাসের অনুরাগীর সংখ্যা গোটা দেশেই ছড়িয়ে রয়েছে। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তবে প্রভাসের সিনেমা মুক্তি পাবে। অবশেষে, আজ মুক্তি পেয়েছে প্রভাসের নতুন সিনেমা, ‘দ্য রাজা সাব’ (Raja Saab)। কেমন হয়েছে এই সিনেমা, সেই প্রশ্নে বিভিন্ন অনুরাগী বিভিন্ন কথা বলেছেন। তবে প্রভাস প্রেক্ষাগৃহে ফেরার পরে যেটা প্রকাশ্যে, সেটা হল অনুরাগীদের উচ্ছ্বাস।

‘কল্কি ২৮৯৮ এডি’ চূড়ান্ত সাফল্য পেয়েছিল। তবে এরপরে, কার্যত ২ বছর প্রেক্ষাগৃহে নেই প্রভাস। ‘দ্য রাজা সাব’ মুক্তি পেতেই যেন আবেগ সামলাতে পারলেন না অনুরাগীরা। ছবি দেখার জন্য ভোরবেলা থেকেই তাণ্ডব শুরু হল প্রেক্ষাগৃহে! ভাঙা হল দরজা, সিনেমাহলের সামনে থিকথিক করছে ভিড়। হায়দরাবাদের প্রেক্ষাগৃহে একেবারে ভোর থেকেই সিনেমাহলের সামনে ভিড় চোখে পড়ে নজরে পড়ার মতো। সকালেই যেন প্রহর গুনছিলেন প্রভাসের ছবি মুক্তি পাওয়ার।

একটা সময়ে, ধৈর্য্যের বাঁধ ভাঙে। দর্শকেরা প্রেক্ষাগৃহে ঢোকার জন্য প্রেক্ষাগৃহের দরজা ধাক্কা দেওয়া শুরু করেন। কার্যত ভেঙে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়। দর্শকেরা পাঁচিল টপকেও ঢোকার চেষ্টা করে। প্রেক্ষাগৃহের দরজা খুলতেই, কার্যত স্রোতের মতোই প্রেক্ষাগৃহে ঢুকতে শুরু করেন দর্শকেরা। এখানেই শেষ নয়, প্রভাসের ছবির একটি পোস্টার রয়েছে, যেখানে তিনি একজন কুমিরকে ঘায়েল করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার। আর সেই পোস্টারের অনুকরণ করেই, একদল অনুরাগী কুমিরের প্রতিকৃতি তৈরি করে নিয়ে আসেন প্রেক্ষাগৃহে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি, যেখানে মানুষ কুমির নিয়ে প্রেক্ষগৃহে আসছেন।

‘বাহুবলী’-র সিক্যুয়াল আসছে?

এই সিনেমা গোটা রুপোলি পর্দায় তোলপাড় ফেলে দিয়েছিল। বক্সঅফিসে দুর্দান্ত আয় করার পাশাপাশি, দর্শকদেরও ভীষণ মনে ধরেছিল এই সিনেমা। ‘লার্জার দ্যান লাইফ’ এই সিনেমা দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। ছবিটি হল ‘বাহুবলী’। এই সিনেমার দুটি ভাগই ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরে, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মেও। তবে বর্তমানে চর্চায়, ‘বাহুবলী: দ্য এপিক’। শোনা যাচ্ছে, ‘বাহুবালী’-র দুটি মুক্তি পাওয়া সিনেমার অংশ মিলিয়েই তৈরি হবে ‘বাহুবলী: দ্য এপিক’। এতে কিছু কিছু পরিবর্তন ও আনা হবে। তবে তার আগে, বড় পদক্ষেপ নিয়েছে নেটফ্লিক্স। এই ছবিগুলি এতদিন নেটফ্লিক্সেই ছিল। যাঁরা এই প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করেছিলেন, তাঁরাই দেখতে পেতেন। তবে, নেটফ্লিক্স ইন্ডিয়া প্রভাস অভিনীত ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। অনেকের ধারণা, ‘বাহুবলী: দ্য এপিক’-এর মুক্তির আগে নির্মাতাদের এমন পদক্ষেপ সম্ভবত তাদের মার্কেটিং কৌশল হতে পারে, যাতে মুক্তির সময় সিনেমা হলে ছবি দেখতে আসা দর্শকের সংখ্যা বাড়ে।

(Feed Source: abplive.com)