
Sonu Sood: করোনাকালে ত্রাতা, সোনু সুদের মোট সম্পত্তির পরিমাণ কত? শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর?
সালটা ২০২০। করোনাকাল। এমন একটা সময়, সেটাকে হয়তো গোটা বিশ্বে কোনও মানুষই ভুলতে পারবেন না। আর সেই সময়ে, ভারত নতুন চোখে দেখেছিল এক বলিউড অভিনেতাকে। তিনি সোনু সুদ (Sonu Sood)। করোনা পরিস্থিতিতে তিনি যেন হয়ে উঠেছিলেন ত্রাতা। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়েছেন তিনি। আর্থিক সাহায্য করেছেন অগণিত মানুষকে।
করোনাকালে যখন মানুষ মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, সোনার দরে বিকোচ্ছে অক্সিজেন, সেই সময়ে হাজার হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি। বহু মানুষের পরিবারের উপার্জনকারী মানুষটাই মারা গিয়েছিলেন করোনায়। সেই সমস্ত পরিবারের জন্য নিয়মিত খাবার ও ওষুধ পৌঁছে দিতেন সোনু সুদ। আর সবটাই তিনি করতেন বিনামূল্যে!
বলিউড তাঁর চিনত খলনায়ক হিসেবেই। ‘দাবাং’ ছবির ছেদি সিং সহ, একের পর এক ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন সোনু সুদ। অভিনেতা পঞ্জাবের সেক্রেট হার্ট স্কুল থেকে তাঁর স্কুলজীবন শেষ করেন। এরপরে নাগপুরের যশবন্তরাও চবন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক করেন তিনি।
এরপরে, ১৯৯৯ সালে দক্ষিণী ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু করেন সোনু সুদ। প্রচুর দক্ষিণী ছবিতে কাজ করেছেন অভিনেতা। এরপরে, ২০০২ সালে তাঁর হিন্দি ছবি মুক্তি পায়। শহীদ এ আজম-এ ভগত সিং-এর চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।
এছাড়াও তিনি ‘যোধা আকবর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে, ২০৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আশিক বানায়া আপনে’ থেকে এবং দাবাং-এ খলনায়কের চরিত্রে অভিনয় করেন সোনু সুদ, এই ২টি চরিত্রই তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। মানুষের কাছে প্রশংসিত হয় তাঁর অভিনয়।
সোনু সুদ MTV রোডিজ-এ যুক্ত ছিলেন। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। সোনু সুদকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফতেহ’-এ দেখা গিয়েছে, যেখানে তাঁর অভিনয়ের বেশ প্রশংসা করা হয়েছে।
সোনু সুদের ইনস্টাগ্রামে ২৫.৭ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। সূত্রের খবর, তিনি প্রতি ফিল্মের জন্য প্রায় ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩০-১৪০ কোটির কাছাকাছি। এছাড়াও তার শক্তি সাগর প্রোডাকশন নামে একটি প্রোডাকশন হাউসও আছে। তিনি মিডিয়া ট্রাভেল অ্যাপ এক্সপ্লারগারের কো-ফাউন্ডার।
(Feed Source: abplive.com)
