
কলকাতা: একের পর এক বলিউড তারকা আর তাঁর পরিবারকে হুমকি.. বলিউডে কার্যত স্ত্রস্ত প্রত্যেক তারকাই! সলমন খান (Salman Khan) থেকে শুরু করে রোহিত শেট্টি (Rohit Shetty), রণবীর সিংহ (Ranveer Singh).. বলিউডে হুমকি পাওয়া তারকাদের তালিকা যেন একে একে বেড়েই চলেছে। বুধবার রাতেই ই-মেল মারফত হুমকি পেয়েছেন সলমন খানের পরিবার ও। সূত্রের খবর, অভিনেতা আয়ুষ শর্মার কাছে হুমকি মেলে টাকা চাওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।
একের পর এক এই ঘটনায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। সেখানে উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই একের পর এক বলিউড তারকারা হুমকির সম্মুখীন হচ্ছেন। একের পর এক হুমকিতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, অভিনেতারা যে সমস্ত এলাকায় থাকেন, সেখানেও আতঙ্ক ছড়াচ্ছে। অভিনেতাদের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চলছে, এর ফলে আতঙ্কিত থাকছেন ওই অভিনেতার বাড়ির আশেপাশে যে সমস্ত সাধারণ মানুষ থাকেন তাঁরাও!
সূত্রের খবর, বুধবার সলমন খানের আত্মীয় আয়ুষের কাছে প্রচুর টাকা চেয়ে একটি হুমকি মেল আসে। অভিযোগ, অভিনেতার কাছে নাকি ৪ কোটিরও বেশি টাকা চাওয়া হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জানাননি অভিনেতা। তবে পুলিশ গোটা বিষয়টার ওপরেই নজর রেখেছে। এর আগে, রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার মতো ঘটনা ঘটেছে। সম্প্রতিই রাতে রোহিত শেট্টির বাড়ি সামনে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং জানায়, এই গুলি গুলি চালানো হয়েছিল শুধুমাত্র সাবধান করার জন্য। এরপরে রোহিত শেট্টির বাড়ির একেবারে বেডরুমে গুলি চলবে। এখানেই শেষ নয়, সদ্যই হুমকি পেয়েছেন রণবীর সিংহ ও।
লরেন্স বিষ্ণোইয়ের দলের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে শুভম লোনকার আরজু বিষ্ণোই নামে। প্রোফাইল পিকচারে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের ছবি। এই অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দাবি করা হয়েছে আরজু বিষ্ণোই, সুভম লোনকার, হরি বকার এবং হরমন সান্ধু রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালিয়েছে। বারবার রোহিত শেট্টিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে পরিচালক যেন তাদের ব্যাপারে হস্তক্ষেপ না করেন। বারংবার সতর্ক করার পর রবিবার গুলি চালানো হয়েছে। সোশ্যাল পোস্টে বলা হয়েছে, ‘এটা ছিল ট্রেলর। যদি এর পরেও উনি আমাদের সতর্কবার্তা না বোঝেন, গুলি আর বাড়ি বাইরে চলবে না, একেবারে শোওয়ার ঘরে, ওনার বুকে চালানো হবে।’
(Feed Source: abplive.com)
