চারে চার করে সুপার এইটে ভারত, ডাচদের লড়াই সত্ত্বেও মোদি-শাহর শহরে স্বস্তির জয়

চারে চার করে সুপার এইটে ভারত, ডাচদের লড়াই সত্ত্বেও মোদি-শাহর শহরে স্বস্তির জয়
আমদাবাদ: ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। ভারত (T20 World Cup 2026) আগেই সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে। নেদারল্যান্ডস আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তারপরেও বুধবার ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেখতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন ৭৫ হাজার মানুষ!

প্রায় ভরা গ্যালারিকে হতাশ করেনি দুই দল। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ যতটা একপেশে হওয়ার সম্ভাবনা ছিল, তার চেয়ে অনেক বেশি লড়াই হয়েছে। শেষ হাসি হেসেছে ভারত। তবে ডাচরা শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেল। শেষ পর্যন্ত মাত্র ১৭ রানে হারল ম্যাচ। ভারতীয় শিবিরও হয়তো বিশ্বাস করতে পারেনি যে, ডাচরা এরকম লড়াই করবে। ১৫.৫ ওভারে ১২৫/৬ হয়ে যাওয়ার পরেও ১৭৬/৭ স্কোরে পৌঁছবে নেদারল্যান্ডস।

তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর বলতে, গ্রুপ পর্বে অপরাজিত থাকলেন সূর্যকুমার যাদবরা। চারে চার করে পৌঁছলেন সুপার এইটে।

ম্যাচে ফারাক গড়ে দিলেন শিবম দুবে। কঠিন পরিস্থিতিতে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন মুম্বইয়ের বাঁহাতি ব্যাটার। বল হাতে দুর্দান্ত বরুণ চক্রবর্তী। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিলেন ৩ উইকেট।

বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা ফের ফ্লপ। আগের ম্যাচের নায়ক ঈশান কিষাণ (Ishan Kishan) জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও বড় রান পাননি বুধবার। তিলক বর্মা, সূর্যকুমার যাদবের মতো টি-২০ স্পেশালিস্টরা ক্রিজে থিতু হয়েও ঝড় তুলতে ব্যর্থ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে ১৫ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছিল ১১৮/৪। অনেকে আশঙ্কা করছিলেন, ভারত কি ১৫০-১৬০ রানে আটকে যাবে খাতায়-কলমে দুর্বল ডাচদের কাছে?

সেখান থেকেই বিস্ফোরণ ঘটাল শিবম দুবের ব্যাট। সেই শিবম দুবে, যাঁকে টি-২০ ক্রিকেটে ছক্কার সম্রাট বলা হয়। চেন্নাই সুপার কিংসে খেলে যিনি আরও পরিণত। পাল্টা লড়াই শুরু করলেন মুম্বইয়ের বাঁহাতি ব্যাটার। মাত্র ২৫ বলে করলেন হাফসেঞ্চুরি। পাঁচ নম্বরে নেমে ৩১ বলে ৬৬ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন শিবম। যে পিচে বড় শট খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন বিগহিটাররাও, সেখানে ডাচ বোলিং ধ্বংস করলেন তিনি। শেষ ৫ ওভারে ৭৫ রান তুলে ম্যাচের রং পাল্টে দিল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করে তোলে ১৯৩/৬। জবাবে ১৭৬/৭ স্কোরে আটকে গেল নেদারল্যান্ডস।

(Feed Source: abplive.com)