জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে বেঘোড়ে মারা পড়লেন বছর কুড়ির এক মার্কিন যুবক। ওই তরুণকে গুলি করে মারল সিক্রেট সার্ভিসের লোকজন। রবিবার ভোরে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টের একটি সংরক্ষিত নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে ২০ বছরের ওই শ্বেতাঙ্গ যুবক। তার পরেই মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পাম বিচ কাউন্টির শেরিফ ডেপুটিরা মিলে এই গুলি চালান। তরুণের হাতে অস্ত্র ছিল বলে দাবি নিরাপত্তারক্ষীদের।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে ছিলেন। সেই মুহূর্তে ওই রিসোর্টে সুরক্ষার আওতায় থাকা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন না। সিক্রেট সার্ভিসে দাবি, ওই যুবক হাতে একটি শটগান এবং একটি জ্বালানি তেলের ড্রাম নিয়ে ওয়েস্ট পাম বিচ এস্টেটের উত্তর গেটের দিকে এগিয়ে যান। এরপর তিনি রিসোর্টের চারপাশের সুরক্ষিত নিরাপত্তা সীমানার ভেতরে ঢুকে পড়েন।
সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ওই তরুণকে মার-এ-লাগো সম্পত্তির উত্তর গেটের কাছে দেখা গিয়েছিল। সে সময় তার হাতে একটি শটগান এবং একটি তেলের ড্রাম ছিল বলে মনে হয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের একজন ডেপুটি ওই সংরক্ষিত এলাকার ভেতরে যুবকটির মুখোমুখি হন এবং এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তার আত্মীয়স্বজনকে জানানোর প্রক্রিয়া চলায় এখনও পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিস যৌথভাবে এই গুলির ঘটনার তদন্ত করছে। তারা ওই ব্যক্তির অতীত ইতিহাস, তার কর্মকাণ্ড এবং এই কাজ করার পেছনে তার আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে।
সংবাদ সম্মেলনে পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ওই ব্যক্তি মার-এ-লাগোর ভেতরের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ে ওই তরুণ।
শেরিফ বলেন, পুলিশ ও কেন্দ্রীয় এজেন্টরা দেখতে পান ওই ব্যক্তির হাতে একটি শটগান এবং একটি পেট্রোলের ড্রাম রয়েছে। কর্মকর্তারা তাকে সেগুলো ফেলে দিতে বলেন। তিনি তেলের ড্রামটি নামিয়ে রাখলেও হঠাৎ তার হাতের বন্দুকটি গুলি করার ভঙ্গিতে তাক করেন। ব্র্যাডশ জানান, “ঠিক সেই মুহূর্তে বিপদ ঠেকাতে এজেন্টরা তাকে লক্ষ্য করে গুলি চালান।”
ইউএস সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট রাফায়েল বারোস জানান, এই গুলিবর্ষণের ঘটনায় সরাসরি দুজন কেন্দ্রীয় এজেন্ট জড়িত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে যে,সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি পেট্রোল ভর্তি পাত্র ছিল।
এফবিআই (FBI) মুখপাত্র ব্রেট স্কাইলস জানিয়েছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সব ধরনের ফরেনসিক তথ্য সংগ্রহ করছেন। তিনি রিসর্টের আশেপাশের বাসিন্দাদের অনুরোধ করেছেন, তারা যেন ওই সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন এবং কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লে পুলিসকে জানান।
উল্লেখ্য, মার-এ-লাগো হল ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত ক্লাব ও বাসস্থান। ১৯২০-এর দশকে সমুদ্রের তীরে একটি বিলাসবহুল প্রাসাদ হিসেবে এটি তৈরি করা হয়েছিল। ১৯৮৫ সালে ট্রাম্প ১২৬ কক্ষের এই বিশাল সম্পত্তিটি কিনে নেন। পরবর্তীতে এর বড় অংশটিকে তিনি একটি মেম্বার-অনলি রিসর্টে রূপান্তর করেন, তবে নিজের থাকার জন্য একটি ব্যক্তিগত অংশ রেখে দেন। একে প্রায়ই “উইন্টার হোয়াইট হাউস” বলা হয়, কারণ এখানে রাজনৈতিক সভা, তহবিল সংগ্রহ এবং বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হয়।
(Feed Source: zeenews.com)
