
অরাজকতা শুরু হয়েছে দিকে দিকে। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ড্রাগ কিংয়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই, রবিবার তার সমর্থকেরা যথেচ্ছাচার শুরু করে। হাতে বন্দুক নিয়ে মেক্সিকো জুড়ে দাপিয়ে বেড়াতে শুরু করে তারা। রাজপথ অবরোধ থেকে শুরু করে, যানবাহন ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে ।
এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস নাগরিকদের প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করেছে। দূতাবাস ভারতীয়দের অনুরোধ করেছে, সকলেই যেন নিরাপদ জায়গায় থাকে। খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বের হতে। বেশি জনবহুল এলাকা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একেবারে জায়গার নাম উল্লেখ করে, সে-সব এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে। ভারতীয় নাগরিকদের স্থানীয় মিডিয়ায় চোখ রাখতে ও পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকতে অনুরোধ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে 911 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
কে এই মেঞ্চো ?
এল মেঞ্চো মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। আন্তর্জাতিক স্তরে অন্ধকার জগতে মাদক সম্রাট বলেই পরিচিত ছিল সে। রবিবার জালিস্কো প্রদেশে সেনা এনকাউন্টারে নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মেঞ্চো গুলিবিদ্ধ হয়। চিকিৎসার জন্য এয়ারলিফটে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার । মেক্সিকোর প্রতিরক্ষা দফতরের দাবি এল মেঞ্চোর মৃত্যু অপরাধ জগতের একেবারে শিকড়ে ধাক্কা। সেনা সূত্রে খবর, এদিন এই কুখ্যাত অপরাধীকে ধরতে বিশেষ অভিযান চালায় বাহিনী। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। তারপরই তৈরি হয় অরাজকতা।
(Feed Source: abplive.com)
