
কলকাতা: কেবলমাত্র অভিনয় নয়, মুম্বইতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন, যাঁরা রিয়েল এস্টেটে বড় বিনিয়োগ করেছেন। কেবলমাত্র মুম্বই শহর নয়, দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, ফার্মহাউজ থেকে শুরু করে ফ্ল্যাট রয়েছে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের। অনেক অভিনেতা অভিনেত্রীরা আবার দুবাইয়ের মতো জায়গাতেই নিজেদের ঠিকানা তৈরি করে ফেলেছেন। আর এই তালিকায় রয়েছে প্রীতি জিন্টা (Preity Zinta)। বিবাহ সূত্রে অভিনেত্রী আপাতত বিদেশেই রয়েছেন, তবে মুম্বইতে তাঁর নিজের একাধিক বাড়ি রয়েছে। এর মধ্যেই মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন তিনি।
মুম্বইয়ের বান্দ্রার পালি এলাকায় অভিনেত্রীর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। সদ্য়ই এই অ্যাপার্টমেন্টটি য়ে হাইরাইজ় বিল্ডিংয়ে রয়েছে তার পুননির্মাণ হয়েছে। এরপরেই ফ্ল্যাটটি নতুন করে পেয়েছিলেন প্রীতি জিন্টা। আর সেই অ্যাপার্টমেন্টটিই তিনি বিক্রি করে দিয়েছেন। সূত্রের খবর, মুম্বইয়ের পালি হিলসে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি প্রীতি বিক্রি করেছেন ১৮.৫ কোটি টাকায়। আরও জানা গিয়েছে, এই অ্যাপার্টমেন্টটি প্রায় ১,৭৭০ বর্গ ফুটের এবং বিল্ডিংয়ের ১১ তলায় রয়েছে। এই সম্পত্তিটি প্রিয়া নাগর এবং রাজীব নাগর কিনেছেন। তাঁরা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। ২ মার্চ এই সম্পত্তিটির রেজিস্ট্রি করা হয়েছে।
এর আগেও প্রীতি জিন্টা এই একই বিল্ডিংয়ে আরও একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। সূত্রের খবর, নভেম্বর ২০২৫-এ তিনি একই বিল্ডিংয়ের ১১ তলার আরও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন। সেই সময়ে তিনি এই অ্যাপার্টমেন্টটি ১৪ কোটি টাকায় বিক্রি করেছিলেন। সেই ফ্ল্যাটটি ছিল ১,৪৭৪ বর্গফুটের। গত ৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় সম্পত্তি বিক্রি। এই খবর শুনে অনেকে মনে করছেন, তবে কি প্রীতি মুম্বইতে নতুন কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন? অনেকে আবার মনে করছেন, তবে কি মুম্বইয়ের সঙ্গে চিরকালীন সম্পর্ক ছিন্ন করতে চলেছেন প্রীতি জিন্টা? দেশ ছাড়তে চলেছেন তিনি? মুম্বইতে একটি নতুন এবং বিলাসবহুল ফ্ল্যাটের দাম ১০০ কোটির ওপর। যদিও প্রীতি জিন্টার তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও প্রীতি জিন্টার আইপিএল-এ একটি দল রয়েছে। পঞ্জাব কিংস দলটির মালিক হলেন প্রীতি জিন্টা। ফলে তাঁর ভারত ছাড়ার সম্ভাবনা কার্যত নেই। বলিউড থেকে দীর্ঘদিন দূরে প্রীতি। অনেকেই জানতে চান, অভিনেত্রী কবে বড়পর্দায় ফিরবেন। তবে এই বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী।
(Feed Source: abplive.com)
