সদ্য মা হয়েছেন, স্বামী দেবরাজের সঙ্গে হুডখোলা জিপে চড়ে ভোটপ্রচার অদিতি মুন্সীর

সদ্য মা হয়েছেন, স্বামী দেবরাজের সঙ্গে হুডখোলা জিপে চড়ে ভোটপ্রচার অদিতি মুন্সীর

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: আগেরবার ছিলেন রাজনীতিতে আনকোরা! কিন্তু এবার তিনিই হেভিওয়েট। রাজারহাট গোপালপুর কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। ভোট ঘোষণার পর প্রথম রবিবার থেকেই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও বিরোধী প্রার্থীদের নিয়ে ভাবতে নারাজ অদিতি মুন্সি।

একুশের ভোটে তিনি ছিলেন নিউকামার! আর এবার, তিনিই হেভিওয়েট! ৫ বছর আগে তিনি ছিলেন সঙ্গীতশিল্পী! সদ্য এসেছিলেন রাজনীতির আঙিনায়! এবার তিনি বিদায়ী বিধায়ক! দ্বিতীয়বারের জন্য তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল! দল ফের তাঁর ওপরেই আস্থা রাখায় নতুন উদ্যোমে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।

ছোট থেকেই সঙ্গীতময় পরিবেশে বড় হওয়া! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পুরাতনী গানে স্নাতকোত্তর সেই অদিতি মুন্সিকে ২০২১-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে বিজেপির পোড় খাওয়া রাজনীতিবিদ, বর্তমানে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পরাজিত করে চমকে দেন অদিতি মুন্সি। এবারের বিধানসভা ভোটে অদিতি মুন্সির বিরুদ্ধে বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে শুভজিৎ দাশগুপ্তকে। তবে বিরোধী দলের প্রার্থীদের নিয়ে ভাবতে নারাজ তৃণমূল প্রার্থী।

তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সী বলছেন, ‘আমি বিরোধীদের নিয়ে কিছু বলতে চাই না…নিজে কাজ করেছি, সেই কাজের ওপরই মানুষ বিচার করবে।’ ভোট ঘোষণার পর এদিনই ছিল প্রথম রবিবার। তাই প্রচারে নামতেও দেরি করেননি অদিতি মুন্সি। বাগুইআটি মোড় থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত মেগা মিছিলে আগাগোড়া হুডখোলা জিপে ছিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আগের ভোটে সঙ্গীতশিল্পী ছিলেন। এবারে মা হয়েছেন। এতকিছু কীভাবে সামলেছেন? অদিতির স্পষ্ট উত্তর, ‘আমার কাজ করেছি। মানুষের ওপরে সবটা। কেন্দ্রের জনগণের ওপর আস্থা রয়েছে।’

স্ত্রীর ভোট প্রচারে আগাগোড়া সঙ্গে থাকছেন স্বামী ও বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তাঁর দাবি, এই কেন্দ্রে এবার জয়ের ব্যবধান বাড়ানোই তাঁদের লক্ষ্য। তৃণমূল কাউন্সিলর ও অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী বলছেন, ‘জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য। দলই সব ঠিক করেছে। কর্মী হিসেবে এসেছে’।

কীর্তন গেয়ে আগেই মানুষের মন জয় করেছেন! ২১শে ভোটের ময়দানেও বাজিমাত করেছেন। এবারও কি রাজারহাট গোপালপুর কেন্দ্রের ভোটাররা অদিতি মুন্সির ওপরেই ভরসা রাখবেন? উত্তর মিলবে চৌঠা মে।

(Feed Source: abplive.com)