
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিরিক ও দৃশ্যায়নে নারীদের অবমাননার অভিযোগে উত্তাল নেটদুনিয়া। এবার র্যাপার বাদশার বিতর্কিত গান ‘তাতিরি’ (Tateeree)-র বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিল হরিয়ানা পুলিস। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে এই গানের মোট ৮৫৭টি লিঙ্ক ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ৬ মার্চ পঞ্চকুলায় বাদশার এই গানের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। অভিযোগ ছিল, গানটিতে আপত্তিকর শব্দ এবং এমন কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে যা নারী ও শিশুদের জন্য অবমাননাকর। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি তৎপরতা শুরু হয়। সরানো হয়েছে ১৫৪টি ইউটিউব ভিডিয়ো। ডিলিট করা হয়েছে ৭০৩টি ইনস্টাগ্রাম রিলস।
ডিজিপি অজয় সিংঘল স্পষ্ট জানিয়েছেন, নারী ও শিশুদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো বিষয়বস্তু বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে কেউ যদি এই গানের কোনো অংশ বা শর্ট ভিডিও পুনরায় আপলোড করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হরিয়ানা সরকার একটি নিরাপদ এবং দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই বিতর্কের জেরে ইতিমধ্যেই তদন্তে যোগ দিয়েছেন আদিত্য প্রতীক সিং সিসোদিয়া ওরফে বাদশা। গত ১৯ মার্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে পুলিশ জানায় যে, বাদশা তদন্তে সহযোগিতা করছেন। এর মাঝেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় এই র্যাপার। তিনি জানিয়েছেন, কারোর অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।
(Feed Source: zeenews.com)
