জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI 2025) অভিনেতা ঋষভ শেঠির (Rishab Shetty) উপস্থিতিতে ‘কান্তারা’ (Kantara) ছবির প্রশংসা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন সুপারস্টার রণবীর সিং। ছবির একটি বিশেষ দৃশ্য এবং ‘চামুণ্ডি দৈব’-কে নকল করতে গিয়ে তিনি দেবতাকে ‘ডেমন’ বা ‘দানব’ বলে সম্বোধন করেন। সেই ঘটনা গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবার সেই মামলাতেই রণবীর সিংকে সশরীরে মহীশূরের চামুণ্ডি মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)।
মঙ্গলবার বিচারপতি এম নাগাপ্রসন্নর একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত স্পষ্ট ভাষায় জানায়, “রণবীর যা করেছেন তা ঠিক নয়।” জনসাধারণের ওপর তারকাদের গভীর প্রভাব থাকে, তাই তাঁদের প্রতিটি পদক্ষেপে এবং মন্তব্যে আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মনে করে আদালত। অভিযোগকারীর আইনজীবী সিজি মালিয়ালি সওয়াল করেন যে, রণবীর সিং ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় যে ক্ষমা চেয়েছেন তা যথেষ্ট নয়। কারণ অবমাননা করা হয়েছিল মুখে বলে, তাই ক্ষমাও চাইতে হবে সশরীরে উপস্থিত হয়ে।
শুনানি চলাকালীন রণবীরের আইনজীবী সাজন পুভায়া আদালতকে আশ্বস্ত করেন যে, অভিনেতা একটি ক্ষমাপত্র বা হলফনামা পেশ করবেন এবং ব্যক্তিগতভাবে চামুণ্ডি পাহাড়ে গিয়ে দেবতাকে প্রণাম জানাবেন। আদালত অভিনেতাকে নির্দেশ দিয়ে বলেছে, “আপনাকে মন্দিরে যেতেই হবে। একটি ভুল হয়েছে, তার জন্য মনে অনুশোচনা থাকা জরুরি।”২০২৫-এর ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর সিং যখন ঋষভ শেঠির পারফরম্যান্সের প্রশংসা করছিলেন, তখন তিনি উত্তেজনার বশে চামুণ্ডি দৈবকে নকল করেন এবং কথা প্রসঙ্গে ‘দানব’ শব্দটি ব্যবহার করেন। দক্ষিণ ভারতের মানুষের কাছে এই দৈব অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার। ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ১০ই এপ্রিল। ওই দিনের মধ্যে রণবীরকে মন্দিরে গিয়ে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে। শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন রণবীর সিংয়ের বাবাও।
(Feed Source: zeenews.com)
